সাইফ হাসান: লিডস থেকে হ্যারোগেট রুটে এখন যাত্রীরা চাইলে টিকিট ছাড়াই ট্রেনে উঠতে পারবেন। মোবাইল অ্যাপ ব্যবহার করে যাত্রা শুরু ও শেষ করতে হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে সর্বনিম্ন ভাড়া কেটে নেওয়া হবে। অ্যাপ থেকে কিউআর কোড দেখিয়ে কন্ডাক্টর বা গেট পার হওয়া যাবে। এই উদ্যোগকে রেল টিকিটিংয়ে আধুনিক যুগের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট জানায়, এটি রেল ভ্রমণকে আরও সহজ করতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অ্যাপটি যাত্রীর বর্তমান স্টেশন শনাক্ত করে এবং চেক-ইন করলে একটি কিউআর কোড তৈরি হয়। যাত্রা শেষে ‘এন্ড জার্নি’ বাটনে চাপলেই ভাড়া নির্ধারিত হয়ে যায়।
নর্দার্নের বাণিজ্যিক পরিচালক অ্যালেক্স হর্নবি বলেন, “লন্ডনের মতো পে-অ্যাজ-ইউ-গো সিস্টেমকে আরও সহজভাবে উত্তর ইংল্যান্ডে আনা হচ্ছে। এখানে যাত্রী সর্বদা সেরা ভাড়া পাবেন এবং দৈনিক ও সাপ্তাহিক ভাড়ায় সীমা থাকবে।”
এই ট্রায়ালের জন্য লিডস-হ্যারোগেট রুট বেছে নেওয়া হয়েছে, কারণ এটি দুটি ভিন্ন কর্তৃপক্ষের সীমা অতিক্রম করে। হর্নবি জানান, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে ইতোমধ্যে এই সিস্টেম চালু রয়েছে। বাস ও ট্রামের মতো অন্যান্য পরিবহনেও এভাবে কাজ করছে।
রেলমন্ত্রী লর্ড পিটার হেন্ডি বলেন, “এই ট্রায়াল ভাড়ার জটিলতা দূর করছে, ভ্রমণকে করছে সহজ ও চাপমুক্ত। এটি যাত্রীদের সহায়তা করার পাশাপাশি উত্তর ইংল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।”
আসছে ২৭ অক্টোবর থেকে শেফিল্ড-ডনকাস্টার এবং ২৪ নভেম্বর থেকে শেফিল্ড-বার্নস্লে রুটেও এ সিস্টেম চালু হবে। অংশগ্রহণকারীদের ১৫ পাউন্ড সমমূল্যের ফ্রি ট্রাভেল দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।















