সাবেক চার্চ নেতা যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, আদালতে অস্বীকার

87

সাইফ হাসান: ব্রিটেনে সাবেক এক মেথডিস্ট চার্চ নেতার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। তবে আদালতে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন এবং আগামী শুনানি হবে ক্রাউন কোর্টে।

ডেভন ও কর্নওয়াল পুলিশের নিশ্চিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত স্টিভেন ওয়াইল্ড (৭১), কর্নওয়ালের সেন্ট আইভসের বাসিন্দা। সোমবার তিনি ট্রুরো ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন। তার বিরুদ্ধে অভিযোগ—২০০৪ থেকে ২০১৯ সালের মধ্যে ডেভন, কর্নওয়াল, ডার্বিশায়ার, মেরসিসাইড ও ব্রিস্টলে নারীদের ওপর সাতটি যৌন নির্যাতন এবং ২০০৪ সালে কর্নওয়ালে এক নারীর ওপর অশালীন আক্রমণ।

ওয়াইল্ড ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কর্নওয়াল ও আইলস অফ সিলি মেথডিস্ট ডিস্ট্রিক্টের চেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন। আদালতে তিনি সব অভিযোগের দায় অস্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, মামলাটি চলমান থাকায় এখনই চূড়ান্ত কিছু বলা যাবে না। তারা জনসাধারণকে অনুরোধ করেছে, এ বিষয়ে কোনো জল্পনা-কল্পনা না করতে, কারণ এতে বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।