সাইফ হাসান: হালের এক বাসস্টপে দুই কিশোরকে ছুরি দেখিয়ে লুট করার ঘটনায় দুই যুবককে জেল দিয়েছে আদালত। মুখোশ পরা অবস্থায় তারা আক্রমণ চালায় এবং ভয় দেখিয়ে ব্যাগ ও ফোন ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের বয়স ছিল ১৬ ও ১৮ বছর। পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে তোলে।
ঘটনাটি ঘটে ২০২২ সালের ১৮ আগস্ট, হালের টিলবুরি রোডে। ১৬ বছরের এক কিশোরী ফোন করে পুলিশকে জানায়, বাসস্টপে অপেক্ষার সময় তার ভাইসহ দুজনকে ছুরি হাতে যুবকরা লুট করেছে।
আসামি ডসন ফিলিপস-বার্নস (২২) এবং বেন শার্প (২০) একটি রুপালি ফোর্ড ফোকাস গাড়ি থেকে নেমে কিশোরদের ওপর চড়াও হয়। ফিলিপস-বার্নস প্রথমে ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর শার্প ছুরি হাতে কিশোরকে মাটিতে ফেলে ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ি থেকে ভুক্তভোগীর মানিব্যাগ, ব্যাংক কার্ড, ধাতব বলের ব্যাগ ও ১২ সেন্টিমিটার ব্লেডযুক্ত ছুরি উদ্ধার করে। ছুরিতে শার্পের আঙুলের ছাপও পাওয়া যায়।
হাল ক্রাউন কোর্ট শুক্রবার রায়ে জানায়, শার্পকে দুই বছর চার মাস এবং ফিলিপস-বার্নসকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ছয় বছর দশ মাসের সাজা হলো তাদের।
তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল রস প্যাটারসন বলেন, এটি ছিল পরিকল্পিত ও সহিংস ডাকাতি, যা করেছে ‘অর্থহীন ও বেপরোয়া দুই যুবক’। তিনি জানান, সহিংস অপরাধ দমনে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ এবং এই সাজা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে।















