সাইফ হাসান: যুক্তরাষ্ট্রের নাইন-ইলেভেনে ছিনতাই হওয়া বিমানের নামে পোশাক এনে ক্ষমা চেয়েছে ইংলিশ ফুটবল ক্লাব অক্সফোর্ড ইউনাইটেড। ক্লাবের প্রতিষ্ঠার বছর স্মরণ করতে গিয়ে নতুন পোশাকে ‘ইউনাইটেড ৯৩’ লিখে তোপের মুখে পড়ে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পোশাকটির বিক্রি বন্ধ করে দেওয়া হয়। নিজেদের অসাবধানতার পূর্ণ দায় নিয়ে ঐতিহাসিক বিষয়টি বুঝতে না পারার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনা এক বড় শোকাবহ অধ্যায়। সেই দিন ছিনতাই হওয়া চারটি বিমানের একটি ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৯৩, যা পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে বিধ্বস্ত হয়ে ৪৪ জন আরোহীর সবাই মারা যান। পরবর্তীতে ২০০৬ সালে এই বিয়োগান্ত ঘটনা নিয়ে ‘ইউনাইটেড ৯৩’ শিরোনামে একটি তথ্যচিত্র ভিত্তিক সিনেমাও তৈরি হয়।
ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানের ক্লাব অক্সফোর্ড ইউনাইটেড ১৮৯৩ সালে ‘হেডিংটন’ নামে তাদের যাত্রা শুরু করেছিল। নিজেদের প্রতিষ্ঠার সেই বছরটিকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি ‘ক্যাম্পাস ক্লোথিং’ নামের পোশাকে ‘ইউনাইটেড ৯৩’ কথাটি প্রিন্ট করা হয়। তবে ঐতিহাসিক গুরুত্ব ও এর সংবেদনশীলতা অনুধাবন না করেই পোশাকটি বাজারে ছাড়ায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়।
বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং পোশাকগুলো বিক্রির পর্যায়ে পৌঁছানো একেবারেই সমীচীন হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, যথাযথ যাচাই-বাছাই না করার সম্পূর্ণ দায় তারা নিচ্ছেন এবং বাজার থেকে পোশাকগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অনুমোদন প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার কথাও জানিয়েছে ক্লাবটি।
উল্লেখ্য, ২০০১ সালের নাইন-ইলেভেনের সেই সন্ত্রাসী হামলায় আল-কায়েদার ১৯ জন সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। যার মধ্যে দুটি বিমান সরাসরি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনে ভবন দুটি গুঁড়িয়ে দেয় এবং অন্যটি বিধ্বস্ত হয় পেন্টাগনে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আঘাত হানার উদ্দেশ্যে থাকা চতুর্থ বিমানটি মাঝপথে বিধ্বস্ত হয়, আর ভয়াবহ ওই হামলায় মোট ২ হাজার ৯৭৭ জনের প্রাণহানি ঘটে।
#aknews #onebanglanews #অক্সফোর্ডইউনাইটেড #ফুটবল #আন্তর্জাতিকসংবাদ















