সাইফ হাসান: সাবেক বিবিসি সাংবাদিক জ্যাক টাইমন ধর্ষণ মামলায় আদালতে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ২০১৭ সালে দুই নারীকে ধর্ষণ ও হামলার অভিযোগ রয়েছে। মামলাটি চলমান থাকায় তিনি এখন জামিনে মুক্ত আছেন। আগামী ১৩ অক্টোবর নটিংহ্যাম ক্রাউন কোর্টে আবারো শুনানি হবে।
জ্যাক টাইমন বিবিসি রেডিও ডার্বিতে ২০২১ থেকে এ বছরের শুরু পর্যন্ত রিপোর্টার ও প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সময়কাল ২০১৭ সালের বলে পুলিশ জানিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, টাইমন এক নারীকে দুইবার এবং অপর এক নারীকে ধর্ষণ ও হামলা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে প্রাথমিক শুনানিতে তিনি কোনো দোষ স্বীকার করেননি।
দক্ষিণ ডার্বিশায়ার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজিরার পর ২৭ বছর বয়সী এই সাংবাদিককে জামিনে মুক্তি দেওয়া হয়। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর নটিংহ্যাম ক্রাউন কোর্টে।
বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া চলমান থাকায় তারা এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আদালত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।















