স্কুলের কাছে বাসস্টপে গাড়ি ধাক্কা, আদালতে দোষ স্বীকার চালকের

44

সাইফ হাসান: নরফোকের উইমন্ডহ্যামে স্কুলের পাশে বাসস্টপে ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় এক ব্যক্তি দোষ স্বীকার করেছেন। গাড়ির ধাক্কায় আহত হয়ে এক স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়। আরেক শিশু মানসিক ধাক্কায় পড়লেও শারীরিকভাবে আঘাত পায়নি। অভিযুক্ত চালককে আটক করে আদালতে তোলা হয়। তিনি সব অভিযোগ মেনে নিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ৮ সেপ্টেম্বর, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উইমন্ডহ্যাম হাই একাডেমির কাছে ফোলি রোডে। দুর্ঘটনার পর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত মেয়েটিকে নরফোক অ্যান্ড নরউইচ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ দ্রুতই কাছাকাছি এলাকা থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।

অভিযুক্ত চালক জর্জি থিও (২৮), কেন্টের রামসগেট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিপজ্জনক ড্রাইভিং, অনুমতি ছাড়া গাড়ি নেওয়া, বিমা ছাড়া গাড়ি চালানো, বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া। নরউইচ ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি সব অভিযোগ স্বীকার করেন।

আদালত থিওকে শর্তসাপেক্ষে জামিন দিয়ে আগামী ২০ নভেম্বর সাজা ঘোষণার দিন নির্ধারণ করেছে। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়, যার বয়স বিশের কোঠায়। তাকেও অনুমতি ছাড়া গাড়ি নেওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তার জামিনের মেয়াদ ১ ডিসেম্বর পর্যন্ত।