ব্রিটেনের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ধর্ষক ঝেনহাও ঝো কারাগারে, কমপক্ষে ২৪ বছরের সাজা

185

যুক্তরাজ্য ও চীনে ১০ জন নারীকে মাদক খাইয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে দোষী সাব্যস্ত সিরিয়াল ধর্ষক ঝেনহাও ঝো-কে (২৮) ব্রিটেনের একটি আদালত আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। তবে তাকে কমপক্ষে ২৪ বছর কারাগারে থাকতে হবে, এরপর প্যারোলে মুক্তির বিবেচনায় আনা হবে।

পিএইচডি ছাত্র ঝেনহাও ঝো ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তার ফ্ল্যাটে পড়াশোনা বা পানীয়ের আমন্ত্রণ জানিয়ে নারীদের ডেকে এনে তাদের মাদক দিয়ে অচেতন করে ধর্ষণ করতেন এবং গোপনে ভিডিও করতেন। পুলিশ আশঙ্কা করছে, অন্তত ৫০ জনেরও বেশি নারী তার শিকার হতে পারেন।

ঝোকে শাস্তি দেওয়ার সময় বিচারক কাটেজ কেসি বলেন, “তুমি অত্যন্ত চালাক এবং কৌশলী এক যুবক, যে নারীদের অনুভূতির কোনো গুরুত্ব না দিয়ে শুধুই নিজের বিকৃত সুখের জন্য তাদের ব্যবহার করেছো।” তিনি আরও বলেন, “তোমার অপরাধ ছিল একক নাটকের মতো, যেখানে নারীরা ছিলো কেবল ‘খেলনার’ ভূমিকায়।”

রায় ঘোষণার সময় ঝো সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং উদাসীন ছিলেন।

আন্তর্জাতিকভাবে মামলা প্রকাশ পাওয়ার পর, এখন পর্যন্ত ২৪ জন নারী পুলিশে অভিযোগ করেছেন। তদন্ত কর্মকর্তারা ব্রিটেন ও চীনের অন্যান্য নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর রিচার্ড ম্যাকেঞ্জি বলেন, “দুই দেশে বিস্তৃত এ অপরাধের মাত্রা এতটাই ব্যাপক যে, সে আমাদের দেখা অন্যতম ভয়ানক সিরিয়াল অপরাধী।”

আদালতে পাঠানো ভুক্তভোগীদের বিবৃতিতে তাদের জীবন কীভাবে ভেঙে গেছে তা উঠে এসেছে। এক ধর্ষণের শিকার নারী বলেন, “আমি তাকে ভালো লাগা নিয়ে দেখা করেছিলাম, কিন্তু রাতে ঘুম ভাঙতেই দেখি সে আমার শরীরে জোর করে প্রবেশ করছে।” তিনি বলেন, “সেই রাতের স্মৃতি আজীবনের মতো আমার মনে গেঁথে গেছে।”

পুলিশের অনুরোধ: যদি কেউ মনে করেন যে তারা ঝোর শিকার হয়েছেন, তবে অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।