যুক্তরাজ্যে ২০২৫ সালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে লন্ডনের কিউ এবং হিথরোতে তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর আগে ১৩ জুন সাফোকের ২৯.৪ ডিগ্রি ছিল বছরের সর্বোচ্চ।
বৃহস্পতিবার সাফোক প্রথম এলাকা হিসেবে তিনদিন ধরে ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করায় সেখানে আনুষ্ঠানিকভাবে হিটওয়েভ ঘোষণা করা হয়।
যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (UKHSA) জানিয়েছে, এই গরমে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে চাপে পড়ার সম্ভাবনা রয়েছে। পুরো ইংল্যান্ডে সোমবার সকাল ৯টা পর্যন্ত অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে।
শনিবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে মধ্য ও পূর্ব ইংল্যান্ডে সবচেয়ে বেশি গরম অনুভূত হবে।
সপ্তাহান্তে কিছু এলাকায় রাতেও তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে থাকার সম্ভাবনা রয়েছে, যাকে “ট্রপিক্যাল নাইট” বলা হয়।
ওয়েলসে বৃহস্পতিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে— ট্রাউসগোয়েড ও কার্ডিফে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।
নর্দার্ন আয়ারল্যান্ডেও ২০২৫ সালের রেকর্ড ভেঙেছে— কাস্টলডার্গে ২৫.৭ ডিগ্রি।
স্কটল্যান্ডে গ্লাসগো বিশপটনে বৃহস্পতিবার ২৪.৪ ডিগ্রি রেকর্ড করা হয়, যা মে মাসে রেকর্ড হওয়া ২৫.৫ ডিগ্রির চেয়ে কম।
উল্লেখ্য, মেট অফিস তিন দিন টানা নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করলেই হিটওয়েভ ঘোষণা করে।
সতর্কতা: তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষ যত্ন নিন। পর্যাপ্ত পানি পান করুন এবং সরাসরি রোদ এড়িয়ে চলুন।















