ওয়ানবাংলানিউজ: স্বাস্থ্যবিধি অনুস্মরণ না করায় টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ অফিসাররা বারার একটি ক্যাটারার ও সুপারমার্কেট বন্ধ করে দিয়েছিলেন। পরিদর্শনকালে ফুড হাইজিন বিধিবিধান না মানার প্রমাণ পাওয়ায় উভয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আর্থিক জারিমানাও করা হয়।
খাদ্যসামগ্রীর স্বাস্থ্যবিধি অনুস্মরণ না করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে কাউন্সিলের অফিসাররা গত বছরের ১৭ আগষ্ট হোয়াইটচ্যাপলে অবস্থিত হাওচি লিমিটেড নামের একটি ক্যাটারিং কোম্পানী পরিদর্শনে যান। এসময় একজন অফিসারের নজরে পড়ে যে, সেখানে কর্মরত এক কর্মীর জুতোয় মরা ইঁদুর আটকে আছে। এছাড়া অফিসাররা খাবারের কন্টেইনার, পরিমাপের স্কেল এবং সদ্য তৈরীকরা আদার মিশ্রনের ওপর ইঁদুরের বিষ্টার উপস্থিতি দেখতে পান।

স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে অফিসাররা তাৎক্ষনিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। বর্তমানে হাউচি লিমিটেড তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং ২০১৭ সালের জুন মাসে বিল্ডিংটিও ভেঙ্গে ফেলা হয়েছে।
গত মাসে টেমস ম্যাজিষ্ট্রেট কোর্টে শুনানিকালে হাউচি লিমিটেডের মালিক কেন্টের অর্পিংটনের বাসিন্দা মহসিন নাদিম তার বিরুদ্ধে আনীত ফুড হাইজিন রেগুলেশন ভঙ্গের ৫টি অভিযোগের দোষ স্বীকার করে নিলে আদালত তাকে ৫,২০০ পাউন্ড জরিমানা করে।
এদিকে একই ধরনের অভিযোগ পাওয়ার পর হোয়াইটচ্যাপলের বারসলেম স্ট্রিটে অবস্থিত নিলসা সুপারমার্কেটে পরিদর্শন করতে যান কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ বিভাগের কর্মকর্তারা।
এই সুপারমার্কেটটিতেও নোংরা পরিবেশ বিরাজ করতে দেখে তা এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়। এর মালিক প্রতিষ্ঠান যমুনা এন্টারপ্রাইজ লিমিটেডকে যথাযথ নিয়ম অনুযায়ি পরিচ্ছন্নতা নিশ্চিত করার এবং পরিচ্ছন্নতার রেকর্ড সংরক্ষণের জন্য নির্দেশ দেয়া হয়
গত মাসে এই প্রতিষ্ঠানটির মালিক বেথনাল গ্রীণের বাসিন্দা মোহাম্মদ হকের উপস্থিতিতে টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত ফুড সেফটি ও হাইজিন বিধিমালা ভঙ্গ করার দায়ে তাকে ৫,৮০০ পাউন্ড জরিমানা করেন।
এ প্রসঙ্গে মেয়র অব টাওয়ার হ্যামলেটস্ বলেন, যে সকল প্রতিষ্ঠান খাবার দাবারের মান ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, তাদের বিরুদ্ধে আমরা সব সময়ই কঠোর পদক্ষেপ নিয়ে থাকি। বারার বাসিন্দাদেরকে আমি রেস্টুরেন্টগুলোর ফুড হাইজিন রেটিংস্ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের প্রতিষ্ঠানের হাইজিনের মান কতটুকু অনুস্মরণ করছে, তার একটি নির্দেশক হচ্ছে এই রেটিংস।
কেবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট, কাউন্সিলর আমিনা আলী বলেন, বারার অধিকাংশ খাবার বিক্রেতা ফুড হাইজিন সম্পর্কে ওয়াকিবহাল ও যতœবান আছেন। তবে কিছু কিছু ব্যবসায়ি এই বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেননা। এই ইস্যূটিকে আমরা কোন অবস্থাতেই বরদাশত করবো না এবং যারাই আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে আমরা পিছপা হবোনা।
যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান ফুড হাইজিন বিধিমালা ভঙ্গ করছে বলে আপনার ধারনা হয়, তাহলে ০২০ ৭৩৬৪ ৫০০৮ নাম্বারে ফোন করে কাউন্সিলকে তা অবহিত করুন।















