ওয়ানবাংলানিউজ: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে প্রবেশ করতে গিয়ে পাঁচ জন মাইগ্রেনট ফ্রান্সের জলসীমায় নৌকাডুবিতে মারা গেছেন। একজন ফরাসি মেরিটাইম কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে চারজন ইরাক ও সিরিয়ার নাগরিক। স্থানীয় সময় রবিবার রাত ২টার দিকে ইংল্যান্ডের উদ্দেশ্যে ফ্রান্সের উপকূল থেকে নৌকাটি রওনা হওয়ার পরপরই সমস্যায় পড়ে যায়। ফ্রান্সের মেরিটাইম কর্তৃপক্ষ বলেছে, প্রায় ৭০ জন মানুষ নিয়ে নৌকাটি সৈকত ছেড়ে যাওয়ার সময় অতিরিক্ত বোঝাই হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়ে। অধিকাংশকে উদ্ধার করা গেলেও পাঁচ জনের মৃত্যু হয়। রবিবার সকালে বিবিসির সাথে সাক্ষাৎকারে ফরেন সেক্রেটারি ডেভিড ক্যামেরন, নৌকাডুবিতে মাইগ্রেনটদের মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক ঘটনা বলেছেন।
ব্রিটিশ সরকার মনে করে, ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে মাইগ্রেনটদের আগমন বন্ধের সমাধান হলো, এসব মাইগ্রেনটকে জোরপূর্বক ব্রিটেন থেকে বের করে দিয়ে রোয়ানডা পাঠিয়ে দেয়া। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহে পার্লামেন্টে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ভোটাভুটি। কিন্তু লেবার নেতা মনে করেন এসাইলাম সীকারদের রোয়ানডা পাঠিয়ে সমস্যার সমাধান করা যাবেনা। তিনি বলেন, মানবপাচারকারী সঙ্ঘবদ্ধ অপরাধী চক্রকে মোকাবেলা করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।
হোম অফিসের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২২ সালে ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অবৈধভাবে এসেছিল রেকর্ড ৪৫ হাজারের বেশী। চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত নতুন হিসাবে দেখা যায়, একই পথে গত বছর এসেছে ৩০ হাজারের কিছু কম মাইগ্রেনট। অর্থাৎ আগের বছরের চেয়ে গত বছর আগমনের হার কমেছে ৩৬ শতাংশ। কমার পরও রেকর্ডে এই সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
পৃথিবীর ব্যস্ততম জাহাজ চলাচলের পথ ইংলিশ চ্যানেল। এই চ্যানেল পাড়ি দিতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ঠিক কতো মানুষের মৃত্যু হয়েছে, তার সঠিক হিসাব নেই। তবে একটি চ্যারিটি সংস্থা জানিয়েছে, কেবল গত বছরেই মারা গেছে ২০ জন।
রবিবার সকালে ফ্রান্সের কেলে উপকূলের দৃশ্য দেখে মনেই হছিল না, সাগর পাড়ি দিতে গিয়ে এখানে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই উইকেনডের আগের চার সপ্তাহ প্রতিকুল আবহাওয়ার কারণে একটিও ছোট নৌকা ইংল্যান্ডের উপকূলে আসেনি। তবে আবহাওয়া এক সময় অনুকূল হবে এবং সন্দেহ নেই, নৌকা ভরে আরও অনেক মাইগ্রেনট আসবে ব্রিটেনে।















