ওয়ানবাংলানিউজ: লন্ডনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি আগুণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার; ওপরটি শুক্রবার।
বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে উইম্বলডন হাই স্ট্রীটে একটি ইলেকট্রিক ডাবল ডেকার বাসে আগুন ধরে। ফায়ার ব্রিগেড কর্মীরা সহজে এই আগুন নেভাতে পারছিলেন না।
উইম্বলডন হাই স্ট্রীটে যে বাসটিতে আগুন ধরে সেটির নাম্বার ২০০। আগুণের ঘটনার পর এই লাইনের সবগুলো বাস সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।
পরের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নর্থ উলিচ এলাকার ফ্যাক্টরি রোডে আরেকটি ডাবল দেকার বাসে আগুন ধরে। এই বাসটি ছিল হাইব্রিড। অর্থাৎ, ব্যাটারি ও ডিজেলে চলে। বাসে আগুণের দুটি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ।
২০০ নম্বর রুটের ইলেকট্রিক বাসগুলো নির্মাণ করেছে ‘সুইচ মোবিলিটি’ কোম্পানি। কোম্পানি জানিয়েছে, মেট্রো ডেকা মডেলের এই বাস একটি পুরস্কারপ্রাপ্ত বাস; এতে রয়েছে সর্বাধুনিক ব্যাটারি প্রযুক্তি। রাজধানী লন্ডনে এই বাসটি পরিচালনা করে ‘গো এহেড লন্ডন’।
‘গো এহেড লন্ডন’ এক বিবৃতিতে জানিয়েছে, যে বাসটি নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং আগুণের ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ বাসে আগুণের দুই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে জানিয়েছে, বাস নেটওয়ার্ককে নিরাপদ রাখতে টিএফএল এবং বাস পরিচালনাকারী কোম্পানি যৌথভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
বাসে আগুণের দুই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুণের ঘটনার তদন্ত চলছে।















