নর্থ ডেভন হাসপাতালের প্রসূতি বিভাগ চালুর তারিখ প্রকাশ

49

সাইফ হাসান: কর্মী সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ হওয়া নর্থ ডেভন ডিস্ট্রিক্ট হাসপাতালের প্রসূতি বিভাগ পুনরায় চালুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রয়্যাল ডেভন ইউনিভার্সিটি হেলথকেয়ার এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর এটি চালু হতে পারে। গত আগস্টে এটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা কর্মী নিয়োগে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর সার্বিক নিরাপত্তা ও কর্মী যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাজ্যের বার্নস্ট্যাপলে অবস্থিত নর্থ ডেভন ডিস্ট্রিক্ট হাসপাতালের প্রসূতি সেবা গত ১১ আগস্ট থেকে বন্ধ রাখা হয়েছিল। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় সহায়তার অভাব থাকায় রোগী সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রসবের জন্য গর্ভবতী নারীদের প্রায় ৫৩ মাইল বা ৮৫ কিলোমিটার দূরের এক্সেটারে যেতে হচ্ছিল।

চিফ মেডিকেল অফিসার ড. ভ্যানেসা পারডে জানিয়েছেন, সাময়িক বন্ধের কারণে পরিবারগুলোর যে ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়েছিল, তা তারা অনুধাবন করতে পেরেছেন। হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল বলেই এই কঠিন পদক্ষেপ নিতে হয়েছিল। বর্তমানে মধ্যম ও দীর্ঘমেয়াদে কাজের প্রতিশ্রুতি দিয়ে সাময়িক কর্মী যুক্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায় থেকেও নিয়োগের চেষ্টা চলছে।

এদিকে প্রসূতি সেবা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং দূরবর্তী যাত্রার কারণে অতিরিক্ত উদ্বেগের কথা জানিয়েছিলেন। অন্যদিকে স্বাস্থ্য ট্রাস্টের মেডিকেল ডিরেক্টর ড. ক্যারেন ডেভিস দুই বছর ধরে বিষয়টি জানিয়েও সমাধান না পাওয়ায় পদত্যাগ করেন। তবে ট্রাস্টের প্রধান নার্সিং কর্মকর্তা ক্যারলিন মিলস জানান, মা ও নবজাতকের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

#যুক্তরাজ্যসংবাদ #স্বাস্থ্যসেবা #হাসপাতালখবর #aknews #onebanglanews