দেশকে অন্ধকারের রাজত্বে ডুবিয়ে রেখেছে সরকার: রিজভী

85

ঢাকা সংবাদদাতা: সরকার দেশকে গুম, খুন, দুর্নীতি ও সন্ত্রাসের অন্ধকার রাজত্বে ডুবিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘গত এক যুগের বেশি সময় ধরে এই আওয়ামী দস্যুরা ওয়ান-ইলেভেনের ধারাবাহিকতা বজায় রেখে এদেশের মানুষের কাঙ্খিত গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। গণতন্ত্র ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিনা নির্বাচনে পার্লামেন্ট, বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ করেছে। মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার ভূলুণ্ঠিত করেছে। দেশকে গুম, খুন, অপহরণ, বন্দুকযুদ্ধ, অবিচার, অনাচার, লুটপাট, টাকাপাচার, দুর্নীতি ও সন্ত্রাসের অন্ধকার রাজত্বে ডুবিয়ে রেখেছে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বাস্তবে তথাকথিত ওয়ান ইলেভেনের পর পথ হারিয়েছে বাংলাদেশ, জনগণ হারিয়েছে বাক ও ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। নির্বাচন কমিশনসহ গণতন্ত্রের জন্য অপরিহার্য প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে।’

আওয়ামী শাসনের ছত্রে ছত্রে শুধু পৈশাচিকতা ও বিভীষিকার উপস্থিতি মন্তব্য করে তিনি বলেন, ‘এরা (আওয়ামী লীগ সরকার) গুমের কর্মসূচির বৃত্তের মধ্যে ভয়ঙ্কর নাৎসীবাদী পন্থায় অপশাসন চালিয়ে যাচ্ছে। এদের অন্তর্নিহিত লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করা। এরা নাৎসীবাদ ও ফ্যাসিবাদের এক দু:ষিত মিশ্রণ।’

একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার খায়েস মেটাতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে জনগণের ওপর মন্তব্য করে তিনি বলেন, ‘এই আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ চক্র গণতন্ত্রকামী মানুষকে গুম, খুন, অপহরণ করতে গিয়ে দেশের জন্য কলঙ্ক বয়ে এনেছে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। দেশটাকে নিয়ে আজ ভাগ বাটোয়ারার হাট বসেছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আজ সারা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসছে, এর মানে কী? বিশ্বের একশটির বেশি দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল।’