ওয়ানবাংলানিউজ: গত ৪দিন যাবত ব্রিটেনে প্রতিদিন ২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বুধবার আক্রান্ত হয়েছেন ২৬৫৯ জন, মঙ্গলবার ২৪২০ জন, সোমবার ২৯৪৮জন, রবিবার ২৯৮৮ জন। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ব্রিটিশ সরকার।
আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশই ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রতি ১ লাখে ১৯ দশমিক ৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। এক সপ্তাহ আগে এই সংখ্যা ছিল ১২ দশমিক ৫ শতাংশ। এ কারণে দ্বিতীয় দফায় করোনার ভয়াবহতা ঠেকাতে ইংল্যান্ডে জাতীয়ভাবে লকডাউন ঘোষণা করা না হলেও কঠোন আইন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বুধবার বিকেলে ডাউনিং স্ট্রীটে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী নতুন আইন ঘোষণা করেন।
নতুন আইন অনুযায়ী, সোমবার থেকে ঘরে এবং বাইরে ছ’জনের বেশি জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর আইন লঙ্ঘনকারীকে ১শ পাউন্ড থেকে সর্বোচ্চ ৩ হাজার পাউন্ড জরিমানা আরোপের পাশাপাশি গ্রেফতার করবে পুলিশ।
এদিকে দেশজুড়ে সন্ধ্যাকালিন কারফিউর কথা ভাবছে সরকারের মন্ত্রীরা । এমনটা হলে ব্যবসা প্রতিষ্ঠান বাধ্যতামুলকভাবে বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। হেথল সেক্রেটারী ম্যাট হ্যানকক ডেইলি টেলিগ্রাফ বলেছে, বৃটিশ মন্ত্রীরা বৃটেনজুড়ে নতুন করে কারফিউ দেয়ার কথা বিবেচনা করছেন। বেলজিয়ামে এ ব্যবস্থা সফল হওয়ার পর এমন চিন্তাভাবনা চলছে।
মঙ্গলবার ইংল্যান্ডের বল্টন শহর স্থানীয়ভাবে লকডাউন করা হয়। এদিন পাব-এ যাওয়া ব্যক্তিদের নতুন লকডাউন আরোপের সময়ের আগেই সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে তরুণদের পার্টি করা বন্ধ করার জন্য এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
ম্যাট হ্যানকক বলেছেন, প্রতি এক লাখ মানুষের মধ্যে বল্টনে আক্রান্ত হয়েছেন ১২০ জন। এর কারণ, বৃটেনে ২০ থেকে ৩০ বছর বয়সীদের পাব-এ সময় কাটানোর সময় বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সরকারের একজন সিনিয়র সূত্র বলেছেন, দেশজুড়ে কারফিউ বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। একই সঙ্গে সরকার সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচারণার ওপর জোর দেবে। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরালো করা হবে।
সরকারের নতুন এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন লেবার লিডার স্যার কিয়ার স্টারমার। সরকারকে আরো বেশি দায়িত্বশীল হয়ে যথা সময়ে যথাযথ সিদ্ধান্ত নেতার আহ্বান জানান তিনি। টেস্ট এবং ট্রেইসিংয়ের ব্যাপারে সরকারকে আরো বেশি দায়িত্ববান হবার আহ্বান জানান স্যার কিয়ার স্টারমার।














