নরসিংদীতে করোনায় সাংবাদিক সহ আক্রান্ত ১৬

223

ঢাকা সংবাদদাতা: নরসিংদীতে করোনায় সাংবাদিকসহ একদিনে ১৬ জন আক্রান্তের ঘটনা ঘটেছে।

আজ সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এ তথ্য জানান।

নরসিংদী জেলায় এ নিয়ে মোট ২১ জন করোনা রোগী শনাক্ত হলো। এর আগে এজেলায় আক্রান্তের সংখ্যা ছিলো ৫ জন। এদের মধ্যে নরসিংদী সদরে ১ জন (বর্তমানে সুস্থ), পলাশে ১ জন ও রায়পুরায় ৩ জন।

ইমরুল কায়েস জানান, গতকাল রবিবার নরসিংদী থেকে করোনা উপসর্গে সন্দেহভাজন ২৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। আজ সোমবার ফলাফলে এদের মধ্যে ১৬ জনেরই পজেটিভ আসে।

উল্লেখ্য, গত বুধবার নরসিংদী জেলা হাসপাতালের এক মালির করোনা পজেটিভ ধরা পড়ে। ওই মালি জেলার রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের বাসিন্দা। এরপর তার স্ত্রী ও তিন সন্তানসহ হাসপাতালের ৫ জন ডাক্তার ও নার্সকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

মালির সংস্পর্শে আসা হাসপাতালের ১১ জন কর্মকর্তা কর্মচারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ আসলেও মালির স্ত্রী (৩৫) করোনা পজেটিভ ধরা পড়ে।।