অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত

226

ঢাকা সংবাদদাতা: বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ফলে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলটির পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। তবে একই স্থানে আগামীকাল রোববার (২৪ নভেম্বর) সমাবেশ করার জন্য চেষ্টা করছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ অনুমতি না দেয়ায় শনিবার সমাবেশ হচ্ছে না। সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি ছিল। রোববার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

দলীয় সূত্রে জানা যায়, প্রতিবাদ সমাবেশ না হলেও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গেল ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।