থমথমে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

1005

ঢাকা সংবাদদাতা: কোটা সংস্কারের আন্দোলনে রাতভর সংঘর্ষ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় পর এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। রোববার সকালেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সকাল সাড়ে সাতটার দিকে দোয়েল চত্বর এলাকায় শহীদুল্লাহ হল থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। এ সময় দোয়েল চত্বরে থাকা পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীরা নিঃশর্তভাবে ক্যাম্পাস থেকে পুলিশের প্রত্যাহার চেয়েছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রতিটি সড়কে ইটের টুকরো, ছাই ও লাঠি পড়ে আছে। রাতে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধুয়া থেকে বাঁচার জন্য রাস্তায় রাস্তায় টায়ারসহ বিভিন্ন জিনিসপত্র জ্বালানো হয়েছে, সেগুলো থেকে এখনও কিছু কিছু স্থানে ধোঁয়া উড়ছে।

শাহবাগ মোড় এলাকার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক দেখা যায়। ওই এলাকায় গাড়ি চলছে। তবে শাহবাগ থানার সামনে কয়েকটি জলকামান দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি, রিকশাসহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে।

সোমবার বেলা সাড়ে ৯টার দিকে ওয়ারী জোনের এডিসি নুরুল আমিন বলেন, আপাতত ক্যাম্পাস শান্ত। ছাত্ররা কেউ রাস্তায় নেই।

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রোববার শাহবাগে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এরপর রাত ৮টা থেকে অ্যাকশানে যায় পুলিশ। লাঠিচার্জ চালানোর পাশাপাশি রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ফলে পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে রাতভর সংঘর্ষ হয়। এতে অর্ধশত আহতের খবর পাওয়া যায়।

এরপর রোববার রাত দেড়টার দিকে শাহবাগে উপস্থিত হয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কথা বলেছেন।