সাইফ হাসান: যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার আলোচিত অভিবাসী বিনিময় চুক্তির শেষ ফ্লাইটে মঙ্গলবার আরও একদল আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে। এদের অনেকেই পাচারকারীদের নির্মম নি*র্যাতন ও হ*ত্যার হুমকি থেকে বাঁচতে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ফিরে এসেছিলেন। ফ্রান্সে ফেরত যাওয়ার পর পাচারকারীরা তাদের ওপর আ*ঘাত ও ধ*র্ষণের মতো ভয়াবহ অপ*রাধ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, দ্বিতীয়বার যুক্তরাজ্যে আসার কারণেই তাদের শাস্তি হিসেবে আবারও ফ্রান্সে পাঠানো হচ্ছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো সরকারের এই পাইলট প্রকল্পকে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিহিত করেছে।
যুক্তরাজ্যের ওয়ান ইন ওয়ান আউট প্রকল্পের আওতায় ছোট নৌকায় আসা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠিয়ে বিনিময়ে উত্তর ফ্রান্স থেকে সমসংখ্যক আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যে আনা হতো। কিন্তু ফ্রান্সে ফেরত যাওয়া শত শত মানুষ পাচারকারীদের ভয়ে আবারও যুক্তরাজ্যে পালিয়ে আসেন, কারণ পাচারকারীরা চ্যানেল পারাপারের বকেয়া টাকার দাবিতে তাদের জিম্মি করছিল। ভুক্তভোগীরা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ক্যালাইস ক্যাম্পে রাস্তায় ঘুমন্ত অবস্থায় তাদের ধরে নিয়ে দাসত্বের মতো পরিবেশে তাঁবু পরিষ্কার এবং পানি ও জ্বালানি কাঠ বহন করতে বাধ্য করা হতো।
মঙ্গলবারের ফ্লাইটের টিকিট পাওয়া ইরানের এক রাজনৈতিক ভিন্নমতাবলম্বী জানান, দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড হতে পারে জেনেও ফ্রান্স তার আশ্রয় আবেদন নাকচ করে দেয়। প্যারিসের রাস্তায় থাকার সময় পাচারকারীরা তাকে ধরে ফেলায় তিনি দ্বিতীয়বার যুক্তরাজ্যে আসেন, কিন্তু এখন তীব্র শীতের মধ্যে ফ্রান্সে ফিরলে পাচারকারীরা তাকে হত্যা করবে বলে তিনি আতঙ্কিত। তার অভিযোগ, ভালো আইনজীবীর অভাবে এবং ব্যক্তিগত আইনজীবীর অসহযোগিতায় তিনি এই বিতাড়ন আদেশ চ্যালেঞ্জ করতে পারেননি।
দাতব্য সংস্থা মেডিকেল জাস্টিস এই পাইলট প্রকল্পকে একটি চরম বিপর্যয় উল্লেখ করে বলেছে, এর ফলে অসহায় মানুষগুলো অপ্রয়োজনীয় দুর্ভোগের শিকার হয়েছে। সীমান্ত ও অভিবাসন বিষয়ক স্বাধীন প্রধান পরিদর্শক জন টাকেট গত সপ্তাহের এক প্রতিবেদনে জানান, প্রকল্পটির সাফল্য বা ব্যর্থতা হোম অফিস কীভাবে পরিমাপ করবে তা স্পষ্ট নয়। সরকারি তথ্যমতে, গত ১ অক্টোবর এই প্রকল্প শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬৯টি ছোট নৌকায় করে ৪ হাজার ৭৮৬ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টসের সীমা সৈয়দা বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের আটক ও বিতাড়নের মাধ্যমে সরকার নতুন করে মানসিক আঘাত দিচ্ছে। তবে হোম অফিসের এক মুখপাত্র প্রকল্পটির বাস্তবায়নকে সফল দাবি করে জানান, এই কর্মসূচির অধীনে ফ্রান্সে পাঠানোর পর কেউ যুক্তরাজ্যে ফিরে এলে তাকে আবারও ফেরত পাঠানো হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। পাইলট প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ায় এখন এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতের অভিবাসন নীতি শক্তিশালী করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
#যুক্তরাজ্য #ফ্রান্স #অভিবাসন #ব্রিটেনসংবাদ #aknews #onebanglanews














