অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অভিনেতাদের AI অ্যাভাটার

2

সাইফ হাসান: যুক্তরাজ্যের টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতারা এখন থেকে তাঁদের ডিজিটাল প্রতিরূপ বা এআই সংস্করণের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। অভিনেতাদের ইউনিয়ন ইকুইটি এবং প্রযোজকদের সংগঠন প্যাক্টের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় কোনো অভিনেতার ডিজিটাল প্রতিরূপ ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট শিল্পীর সুনির্দিষ্ট অনুমতি এবং পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। বিশেষ করে ন*গ্ন দৃশ্য বা অন্তরঙ্গ মুহূর্তে কোনো ডিজিটাল পরিবর্তন আনতে হলে অভিনেতাদের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ধর্মঘট চলাকালীন প্রযোজকেরা অভিনেতাদের ডিজিটাল প্রতিরূপ ব্যবহার করতে পারবেন না বলেও চুক্তিতে উল্লেখ রয়েছে।

তিন বছর মেয়াদি এই চুক্তিতে বড় বাজেটের চলচ্চিত্রের জন্য অভিনেতাদের পারিশ্রমিক ২৪ শতাংশ এবং টিভি প্রজেক্টের জন্য ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ইকুইটির প্রায় আট হাজার সদস্যের ভোটে চূড়ান্ত অনুমোদনের জন্য চুক্তিটি উপস্থাপন করা হবে, যা পাসের সুপারিশ করেছে ইউনিয়নের নেতৃত্ব। এর আগে গত ডিসেম্বরে এআই সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত শুটিং সেটে বডি স্ক্যান না করার পক্ষে ৯৯ শতাংশ সদস্য ভোট দিয়েছিলেন।

গত বছর দ্য ক্রাউন ও ডুন তারকা অলিভিয়া উইলিয়ামস শুটিং সেটে ক্যামেরার মাধ্যমে শরীর স্ক্যান করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এই ডেটা কীভাবে ব্যবহৃত হবে সে বিষয়ে অভিনেতাদের কোনো নিশ্চয়তা দেওয়া হয় না। তবে নতুন চুক্তিতে এআই মডেল প্রশিক্ষণের জন্য অভিনেতাদের অভিনয় ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা যুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ইকুইটি।

চুক্তি অনুযায়ী প্রযোজকেরা কোনো নির্দিষ্ট প্রজেক্টের বাইরে অভিনেতাদের ডিজিটাল প্রতিরূপের সাধারণ অনুমতি নিতে পারবেন না এবং এর অননুমোদিত ব্যবহার রোধে কঠোর নিরাপত্তা নিশ্চিত করবেন। এ ছাড়া নিরাপদ অডিশন পরিবেশ, যৌন হয়রানি প্রতিরোধে প্রশিক্ষণ এবং সব জাতিগোষ্ঠীর শিল্পীদের জন্য উপযুক্ত চুল ও মেকআপের ব্যবস্থা রাখার বাধ্যবাধকতাও যুক্ত হয়েছে। ইকুইটির সাধারণ সম্পাদক পল ডব্লিউ ফ্লেমিং জানান, এই যুগান্তকারী চুক্তির মাধ্যমে শিল্পে মানুষের অভিনয়কে সর্বোচ্চ গুরুত্ব ও সুরক্ষা দেওয়া হয়েছে।

#যুক্তরাজ্য #বিনোদন #কৃত্রিমবুদ্ধিমত্তা #aknews #onebanglanews