সাইফ হাসান: ইংল্যান্ডের ব্ল্যাক কান্ট্রি অঞ্চলে বয়স্কদের মানসিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এনএইচএস বলছে, এলাকাটিতে ডিমেনশিয়া রোগ শনাক্তের হার জাতীয় গড়ের চেয়ে বেশি। প্রস্তাবে বলা হয়েছে, বাড়িতেই চিকিৎসা দেওয়া হবে ‘ভার্চুয়াল ওয়ার্ড’-এর মাধ্যমে। একই সঙ্গে ওয়ালসাল ও স্যান্ডওয়েলে তৈরি হবে নতুন ইনপেশেন্ট ইউনিট। জনগণের মতামত নেওয়া হবে ৩১ অক্টোবর পর্যন্ত।
ব্ল্যাক কান্ট্রি হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট জানিয়েছে, তাদের মূল পরিকল্পনা হলো হাসপাতালের শয্যা সংখ্যা কমিয়ে রোগীদের বাড়িতেই চিকিৎসা দেওয়া। এ জন্য ওয়ালসালের ডরোথি প্যাটিসন হাসপাতালে ইতোমধ্যে একটি আধুনিক ইউনিট চালু হয়েছে এবং স্যান্ডওয়েলের এডওয়ার্ড স্ট্রিট হাসপাতালে এই মাসেই নতুন ইউনিট খুলবে।
এই প্রস্তাব কার্যকর হলে উলভারহ্যাম্পটনের পেন হাসপাতাল ও ডাডলির বুসি ফিল্ডস হাসপাতালের মেডো, ম্যালভার্ন ও হোলিরুড ওয়ার্ডগুলো বন্ধ হয়ে যাবে। অন্য দুটি বিকল্প হলো পুরনো ওয়ার্ডে সীমিত পরিবর্তন আনা বা বর্তমান ব্যবস্থাই বজায় রাখা।
ডিভিশনাল ডিরেক্টর জেমস কোল বলেন, “আমরা বিভিন্ন বিকল্প পরীক্ষা করেছি। আমাদের বিশ্বাস, এই পরিকল্পনা ভবিষ্যতের জন্য উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করবে, বিশেষ করে ডিমেনশিয়ার বাড়তি রোগী সংখ্যা মোকাবিলায়।” এনএইচএসের ধারণা, ২০৪০ সালের মধ্যে যুক্তরাজ্যে ডিমেনশিয়া রোগীর সংখ্যা ১৪ লাখে পৌঁছাবে।
ট্রাস্টের উপপ্রধান কুলি কৌর-উইলসন বলেন, “আমরা চাই মানুষ যেন ঘরের কাছেই মানসম্মত সেবা পান। প্রয়োজনে যেন বিশেষায়িত হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ থাকে।” ট্রাস্টের দাবি, এ পদক্ষেপ নিলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং ভবিষ্যতের জন্য তৈরি হবে আরও শক্তিশালী সেবা কাঠামো।















