সাইফ হাসান: যুক্তরাজ্যের রয়্যাল উলভারহ্যাম্পটন এনএইচএস ট্রাস্টে শুরু হয়েছে ১০ মিলিয়ন পাউন্ডের ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা। ‘কেয়ারফ্লো’ নামের এই নতুন সিস্টেম চালু হলে হাসপাতাল ও কমিউনিটি সেবায় কর্মীরা রিয়েল-টাইমে রোগীর রেকর্ড দেখতে পারবেন। ট্রাস্টের কর্মকর্তারা বলছেন, এটি স্বাস্থ্যসেবা প্রদানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। ২০২৬ ও ২০২৭ সালে প্রকল্পের পরবর্তী ধাপে কাগজভিত্তিক রিপোর্ট ও চার্টও ডিজিটালে রূপান্তরিত হবে।
‘কেয়ারফ্লো’ সিস্টেমটি হেলথকেয়ার কোম্পানি সিস্টেম সি সরবরাহ করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিউ ক্রস, ক্যানক চেজ ও ওয়েস্ট পার্ক হাসপাতালের পুরোনো তথ্যভাণ্ডার একত্রিত হবে একটি একক ডিজিটাল নেটওয়ার্কে। ফলে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কর্মীদের মধ্যে তথ্য বিনিময় আরও দ্রুত ও কার্যকর হবে।
ম্যানেজিং ডিরেক্টর গুইন নাটাল এই উদ্যোগকে “একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “নতুন এই সিস্টেম তথ্যের পুনরাবৃত্তি কমাবে, যোগাযোগ উন্নত করবে এবং রোগী ও কর্মীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।”
এনএইচএস ইংল্যান্ডের ডিজিটাল ট্রান্সফরমেশন ডিরেক্টর ডারমট রায়ান বলেন, “একক ট্রাস্টব্যাপী রোগী প্রশাসন ব্যবস্থা চালু হলে চিকিৎসা প্রদানের ধরনই বদলে যাবে। এটি কর্মপ্রবাহ সহজ করবে, প্রশাসনিক কাজ কমাবে এবং তথ্যের সহজলভ্যতা বাড়াবে।”
ট্রাস্টের দাবি, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে রোগীর অভিজ্ঞতা উন্নত হবে, হাসপাতালে ভর্তি কমবে এবং চিকিৎসা হবে আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে।














