সাইফ হাসান: যুক্তরাজ্যের ডেভনে অবস্থিত অ্যাশবার্টন হাউস কেয়ার হোমে এক বৃদ্ধ বাসিন্দার মৃত্যুর ঘটনায় বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। রবিন লি নামের ওই বৃদ্ধ ২০২২ সালের মে মাসে অন্য এক বাসিন্দার বাথরুমে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। তাঁর ডিমেনশিয়া ছিল এবং চলাফেরার জন্য জিমার ফ্রেম ব্যবহার করতেন। আদালতে নিরাপদ সেবা ও তত্ত্বাবধান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ প্রমাণিত হয়। আদালত কেয়ার হোম কর্তৃপক্ষকে জরিমানা ও অতিরিক্ত খরচসহ প্রায় ৬৩ হাজার পাউন্ড পরিশোধের আদেশ দেন।
প্লাইমাউথ ম্যাজিস্ট্রেট কোর্টে শুক্রবার কেয়ার হোমের দায়িত্বশীলরা অভিযোগ স্বীকার করেন। আদালত ৪৮ হাজার পাউন্ড জরিমানা, ১৯০ পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ১৪ হাজার ১৫০ পাউন্ডেরও বেশি খরচ পরিশোধের রায় দেন।
কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) জানায়, রবিন লি ২০২২ সালের জানুয়ারিতে অ্যাশবার্টন হাউসে ভর্তি হন এবং তখন থেকেই তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যদিও তাঁকে গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছিল, তবুও তিনি একাধিকবার সিঁড়ি বেয়ে উপরে গিয়ে অন্যদের কক্ষে প্রবেশ করতেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঝুঁকি মূল্যায়নে তাঁর সিঁড়িতে প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে সিকিউসির দক্ষিণাঞ্চলের ডেপুটি ডিরেক্টর ক্যাথ ক্যাম্পবেল বলেন, “ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থতা ও প্রয়োজনীয় নির্দেশিকা না মানা একেবারেই অগ্রহণযোগ্য।”
অন্যদিকে, কেয়ার হোম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আদালতের রায় মেনে নিয়েছে এবং পরিবারকে সমবেদনা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, নতুন ব্যবস্থাপনায় তারা কর্মীদের প্রশিক্ষণ বাড়ানো, নথিপত্র সংরক্ষণ উন্নত করা এবং প্রতিদিনের তত্ত্বাবধান আরও জোরদার করেছে।















