সাইফ হাসান: ইংল্যান্ডের প্রখ্যাত ফুটবলার ও কোচ কেন হাউটন আর নেই। ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। তিনি খেলোয়াড়ি জীবনে হাল সিটি, রদারহ্যাম ইউনাইটেড, শেফিল্ড ইউনাইটেড ও স্কানথর্প ইউনাইটেডের হয়ে মাঠ মাতিয়েছেন। হাউটন ছিলেন ১৯৬৫-৬৬ মৌসুমে হাল সিটির তৃতীয় বিভাগ শিরোপাজয়ী দলের অন্যতম নায়ক। তাঁর মৃত্যুতে সাবেক সতীর্থরা শোক প্রকাশ করেছেন এবং হাল সিটি ক্লাব তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছে।
শেফিল্ড ইউনাইটেড থেকে ফুটবল জীবন শুরু করা হাউটন ১৯৬০ সালে জন্মশহর রদারহ্যামে যোগ দেন। সেখানে তিনি ১৭৬ ম্যাচে ৬৮ গোল করেন। এরপর ১৯৬৫ সালের জানুয়ারিতে ৪০ হাজার পাউন্ডের বিনিময়ে হাল সিটিতে যোগ দেন এবং পরবর্তী নয় বছরে ৩০৪ ম্যাচে ৯১ গোল করেন।
তাঁর সময়ে সতীর্থ ক্রিস চিল্টন, রে হেন্ডারসন, ইয়ান বাটলার ও কেন ওয়াগস্টাফকে নিয়ে গড়ে ওঠে বিখ্যাত “ফ্রন্ট ফাইভ”। এ নিয়ে ওয়াগস্টাফ বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, অসাধারণ খেলোয়াড়ও ছিলেন, আমাদের সম্পর্ক ছিল দারুণ।
খেলোয়াড়ি জীবন শেষে তিনি স্কানথর্প ইউনাইটেড, স্কারবোরো ও ব্রিডলিংটন টাউনের হয়েও খেলেন। পরে ১৯৭৬ সালে হাল সিটিতে যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ১৯৭৮ সালে ক্লাবটির ম্যানেজার হন। তাঁর অধীনে হাল সিটি ৯২ ম্যাচ খেলেছিল, যেখানে ২৭টিতে জয় পেয়েছিল।
হাউটনের মৃত্যুর খবর নিশ্চিত করে হাল সিটি জানিয়েছে, তিনি ক্লাবের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। শোকবার্তায় তারা লিখেছে, এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের পাশে আছি।















