সাইফ হাসান: উত্তর-পূর্ব ইংল্যান্ডের কয়েকটি এলাকায় খাবার বর্জ্য আলাদা সংগ্রহ চালু হতে দেরি হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ২০২৬ সালের মধ্যে সব বাড়িতে এই সেবা শুরু হওয়ার কথা থাকলেও সাউথ টাইন্সাইড, সান্ডারল্যান্ড ও গেটসহেডে তা পিছিয়ে যাবে ২০৩৯ সাল পর্যন্ত। কারণ স্থানীয় কাউন্সিলগুলোর দীর্ঘমেয়াদি চুক্তি বদলাতে গেলে বিপুল অর্থ খরচ হবে। একইভাবে কাম্ব্রিয়ার বাসিন্দাদেরও অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। এতে পরিবেশবাদীরা হতাশা প্রকাশ করেছেন।
ব্রিটিশ সরকার জানিয়েছে, আগামী বছর থেকেই “সিম্পলার রিসাইক্লিং” নীতির আওতায় খাবার বর্জ্য আলাদা সাপ্তাহিক সংগ্রহ চালু হবে। তবে সাউথ টাইন্সাইড, সান্ডারল্যান্ড ও গেটসহেড কাউন্সিলের যৌথ বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা বলছে, তাদের ২৫ বছরের ইনসিনারেশন কোম্পানির সঙ্গে চুক্তি থাকায় সময়সীমার মধ্যে এই সেবা দেওয়া সম্ভব নয়। পরিবর্তন আনতে গেলে ব্যয় হতো কয়েক কোটি পাউন্ড, যা এখন অযৌক্তিক।
গ্রিন পার্টির কাউন্সিলর নিকি গিন বলেন, শুরুতে সরকারের পরিকল্পনা শুনে তিনি আনন্দিত হয়েছিলেন, কিন্তু চুক্তির কারণে এত দীর্ঘ বিলম্বে তিনি ‘সম্পূর্ণ ভেঙে পড়েছেন’। কাম্ব্রিয়াতেও একই সমস্যা, যেখানে স্থানীয় কাউন্সিলগুলো বিশেষ ট্রানজিশনাল চুক্তি করেছে। কাউন্সিলর হেলেন ডেভিসন বলেন, “এটি অত্যন্ত হতাশাজনক। আলাদা খাবার বর্জ্য সংগ্রহ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।”
বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. জেন মিডগলি মনে করেন, দীর্ঘমেয়াদি চুক্তি স্থানীয় সরকারগুলোর জন্য সাধারণ ব্যাপার, যা সাধারণত ২৫ থেকে ৪০ বছর মেয়াদি হয়ে থাকে। তাই হঠাৎ নতুন সেবা চালু করা জটিল ও ব্যয়বহুল হয়ে পড়ে। একইসঙ্গে তিনি বলেন, পরিবর্তন আনার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে তা খুবই সীমিত।
অন্যদিকে পরিবেশ সচেতন কর্মী নিক ল্যাঙ্কাস্টার বলেন, আলাদা সংগ্রহ কেবল সমস্যার লক্ষণ সামলাচ্ছে, আসল সমাধান হলো খাবারের অপচয় কমানো। তার মতে, সঠিক পরিকল্পনা করে কেনাকাটা ও খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করলে অপচয় রোধ করা সম্ভব।
সরকার বলছে, এই উদ্যোগ শেষ হলে সবার জন্য একই মানদণ্ডে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ নিশ্চিত হবে এবং “বিন সংগ্রহের পোস্টকোড লটারির” অবসান ঘটবে। তবে বাস্তবে উত্তর-পূর্বের অনেক এলাকায় নতুন সেবার জন্য নাগরিকদের অপেক্ষা করতে হবে আরও এক থেকে দেড় দশক।















