শিশু নির্যাতনের জঘন্য অপরাধে যুক্তরাজ্যের স্কাউট নেতার ৪৬ বছরের কারাদণ্ড

85

সাইফ হাসান: যুক্তরাজ্যের একজন প্রাক্তন স্কাউট নেতা ও স্কুল হাউসমাস্টার রিচার্ড বারোজ (৮১) ২৪ জন শিশুর উপর যৌন নির্যাতনের ৯৭টি অপরাধের দায়ে ৪৬ বছরের কারাদণ্ড পেয়েছেন। প্রায় ২৭ বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনা যুক্তরাজ্যের বিচার ব্যবস্থায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

১৯৬৮ থেকে ১৯৯৫ সালের মধ্যে চেশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস এবং ওয়েস্ট মার্সিয়া এলাকায় এই অপরাধগুলো সংঘটিত হয়। বারোজ ১৯৯৭ সালে বিচারের মুখোমুখ হওয়ার আগে থাইল্যান্ডে পালিয়ে যান। গত বছর ২৮ মার্চ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অর্থ ফুরিয়ে যাওয়ায় তিনি যুক্তরাজ্যে ফিরলে পুলিশ তাকে গ্রেফতার করে।

একজন ভুক্তভোগীর আইনজীবী এলিস কার্নট বলেন, “এই ৯৭টি অপরাধ কেবল তার অপরাধের একটি অংশ। আরও অনেকে এখন সামনে আসতে পারেন এবং ন্যায়বিচার পেতে পারেন।”

চেস্টার ক্রাউন কোর্টে বিচারক স্টিভেন এভারেট বারোজকে “জঘন্য মানুষ” হিসেবে আখ্যায়িত করে বলেন, “তিনি অসংখ্য জীবন ধ্বংস করেছেন। এটি আমার দেখা সবচেয়ে গুরুতর মামলাগুলোর একটি।” তিনি জানান, বারোজের মুক্তির সম্ভাবনা নে।

বারোজ ১৯৬০-এর দশকে চেশায়ারে সমস্যাগ্রস্ত কিশোরদের একটি স্কুলে হাউসমাস্টার হিসেবে কাজ করতেন। পরে তিনি মিডল্যান্ডসে স্কাউট এবং অপেশাদার রেডিও ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। বিচারের সময় তিনি নিজেকে শিশু নির্যাতনকারী হিসেবে স্বীকার করলেও গুরুতর অভিযোগ অস্বীকার করেন।

পুলিশের তদন্তে পাওয়া একটি ইমেইলে বারোজ লিখেছিলেন, থাইল্যান্ডে তিনি “স্বর্গে বাস” করেছেন। তিনি পিটার স্মিথ নামে একজন মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করে ১৯৯৭ সালে পালিয়েছিলেন। ২০২৩ সালে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার কর পুলিশ তাকে ফুকেটের চালং-এ খুঁজে পায়।

চেশায়ার কনস্টেবুলারির গোয়েন্দা ইন্সপেক্টর এলিয়ানর অ্যাটকিনসন বলেন, “বারোজ একজন কাপুরুষ। তিনি ১৯৯৭ সালে নিজের অপরাধ জেনেও দেশ ছেড়ে পালিয়েছিলেন। তিনি থাইল্যান্ডে আরামের জীবন কাটিয়েছেন, কিন্তু তার ভুক্তভোগীরা নির্যাতনের ছায়ায় কষ্ট পেয়েছেন।” তিনি ভুক্তভোগীদের সাহসিকতার প্রশংসা করেন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian