দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত ইংল্যান্ডে নতুন কড়াকড়ি আরোপ হবেনা

626

ওয়ানবাংলানিউজ: এনএইচএস প্রভাইডারস এর প্রধান নির্বাহী ক্রিস হপ্সন বলেছেন, ইংল্যান্ডজুড়ে হাসপাতালে কোভিড রোগীদের ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আগামী কয়েক দিন এনএইচএসের জন্য গুরুত্বপূর্ণ সময়। প্রয়োজন হলে ইংল্যান্ডে তাৎক্ষনিক সিদ্ধান্তে দ্রুততার সাথে কোভিডের কড়াকড়ি আরোপ করার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন এনএইচএস প্রভাইডারস এর প্রধান নির্বাহী। কিন্তু হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত ইংল্যান্ডে করোনার নতুন কড়াকড়ি আরোপ করা হবেনা।

নববর্ষ উদযাপনের সাথে মানুষের মধ্যে নতুন আশা, চলতি বছর করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ব। কিন্তু বছরের শুরুতে প্রথম মাসেই করোনায় আক্রান্ত হওয়া মানুষের সংখ্যাও বাড়বে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। থার্টি-ফার্স্ট নাইটে ব্রিটেনের একেক স্থানে একেকরকম স্বাস্থ্যবিধি বলবত ছিল; কোথাও ছিল কড়াকড়ি আর কোথাও কেবল সতর্কবাণী। তাই নববর্ষ উদযাপনেও ছিল অঞ্চলভেদে ভিন্নতা। কিন্তু সবকিছু উপেক্ষা করে অনেকে নববর্ষ উদযাপনে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন।

নববর্ষের প্রথম দিনে কেউ কেউ নিজেকে সুরক্ষিত রাখার ভাবনা থেকে গিয়েছিলেন ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করতে।

সামাজিক মেলামেশা এই মুহূর্তে নিরাপদ কিনা এবং বাড়তি কড়াকড়ি আরোপের প্রয়োজনীয়তা আছে কিনা- এই বিতর্ক চলতেই থাকবে। ওয়ারইক ইউনিভারসিটির মাধ্যমে সরকারি উদ্যোগে একটি নতুন মডেলিং করা হয়েছে। এতে বলা হয়েছে, ওমিক্রন সংক্রমণের চূড়ান্ত পর্যায়কে দমিয়ে রাখার সুযোগ হয়তো ইতোমধ্যে হাতছাড়া হয়ে গেছে। এবং কার্যকর কড়াকড়ি আরোপের সুযোগ পেরিয়ে গেছে বক্সিং-ডেতে।

এনএইচএস প্রভাইডারস এর তথ্য অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক সপ্তাহে ৭০শতাংশ বেড়েছে। এই সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রনের ঢেউ কেমন প্রভাব সৃষ্টি করতে পারে, সে সম্পর্কে এই মুহূর্তে ধারনা করা সম্ভব নয়। প্রয়োজন হলে ইংল্যান্ডে অতি দ্রুত কোভিডের কড়াকড়ি আরোপ করার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন এনএইচএস প্রভাইডারস এর প্রধান নির্বাহী।

গত কয়েক দিন যাবত প্রায় প্রতিদিনই ব্রিটেনে কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড হচ্ছে। শনিবার ডেইলি মেইলে লেখা এক নিবন্ধে হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন, কোভিডের সংক্রমণ থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের ব্যবধানের কারণে হাসপাতালগুলোতে আগামী এক মাসে রোগীদের একটা বড় চাপ সৃষ্টি হওয়া অবশ্যম্ভাবী। কিন্তু দেয়ালে পিঠ ঠেকার আগ পর্যন্ত ইংল্যান্ডে করোনার নতুন কড়াকড়ি আরোপ করা হবেনা বলে জানিয়েছেন সাজিদ জাভিদ। এর ফলে এনএইচএস এর চাপ গ্রহণ করার ক্ষমতা কতোখানি- সামনের দিনগুলোতে তার একটা পরীক্ষা হয়ে যেতে পারে।