সংবাদদাতাঃ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারেক রহমানকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখা।
বুধবার লন্ডন সময় বিকেল তিনটায় অনলাইনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী অধিকার পরিষদ লন্ডন মহানগর শাখার সমন্বয়ক বুলবুল সিদ্দিকী সভাপতিত্বে ও যুক্তরাজ্যের সমন্বয়ক শাওন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফরিদুল হক। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন যুক্তরাজ্য শাখার সিনিয়র সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, মালেশিয়া শাখার সমন্বয়ক সাফায়েত হোসাইন, যুক্তরাজ্য শাখার সমন্বয়ক সাইদুল ইসলাম, রাশেদুল হক রিয়াদ, অক্সফোর্ড সিটি সমন্বয়ক হাফেজ আব্দুল মোবিন, পোর্স্টমাউথ সিটি সমন্বয়ক সুলেমান আহমদ, শাহরিয়ার সিদ্দিকী, রিদওয়ানুর রহমান, শাহরিয়ার নাজিম সহ আরো অনেকে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে তারেক রহমানকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে তাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানান। অন্যথায় প্রবাস থেকে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন প্রবাসীরা।















