ওয়ানবাংলানিউজ: পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে হত্যা করেছেন পূর্ব লন্ডনের এক বাংলাদেশী ব্যাক্তি। হত্যাকারী ব্যাক্তি ৪৬ বছর বয়স্ক আমিনান রহমান। তিনি হত্যা করেন তাঁর ২৪ বছর বয়স্ক স্ত্রী সুমা বেগমকে। ওল্ড বেইলি আদালতে বুধবার আমিনান রহমান দোষী সাব্যস্ত হন। সুমা বেগম লন্ডন থেকে অনলাইনে আরব আমিরাতে অবস্থানরত তাঁর সমান বয়সের শাহিন মিয়া নামে এক ব্যাক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের আশা ছিল, কোন এক সময়ে তাঁরা একসাথে মিলিত হবেন। কিন্তু পরকীয়ার খবর জানতে পেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন আমিনান রহমান। আরব আমিরাতে স্ত্রীর প্রেমিক শাহিন মিয়াকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে রেখে সুমা বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধ করেন আমিনান। ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৯ এপ্রিল। আদালতের শুনানিতে বলা হয়, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ঘরে সুমা বেগমের ওপর হামলা করে তাঁর দেহ একটি সুটকেসে ভর্তি করেন। তখনও হয়তো সুমা বেগম বেঁচে ছিলেন। শ্বাসরোধ করে মরণাপন্ন করে সুটকেসে ভরে লী নদীতে ফেলে দেয়ার পর হয়তো সুমা বেগমের মৃত্যু হয়েছে। ১০ দিন পর নদীর পানিতে সুটকেসটি ভেসে উঠলে এক ব্যাক্তির নজরে আসে। সুটকেসে সুমা বেগমের মৃতদেহ পাওয়া যায়। মেট্রোপলিটন পুলিস সিসিটিভির একটু ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, আমিনান রহমান তাঁর এক বাচ্চাকে এক হাতে ধরে অন্য হাতে সুটকেসটি টেনে নিয়ে যাচ্ছেন। আরেকটি ফুটেজে দেখা যায়, নদীর তীরে তিনি একটি সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছেন।
আদালতে শুনানিতে বলা হয়, ২০১৯ সালে সুমা বেগমের সাথে আমিনান রহমানের টেলিফোনে ইসলামিক বিয়ে হয়। তখন সুমা বেগম ছিলেন বাংলাদেশে আর আমিনান রহমান ছিলেন লন্ডনে।
সুমা বেগম ব্রিটেনে আসার পর প্রথম দিকে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে থাকতেন সোমারসেট। সেখানে সেফ হিসেবে কাজ করতেন আমিনান রহমান। ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁরা তাদের দুই সন্তানকে নিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার ডকল্যান্ডসের একটি ফ্ল্যাটে বসবাস শুরু করেন।
সুমা বেগমকে যে রাতে হত্যা করা হয়, সেই রাতে প্রতিবেশীরা বাচ্চাদের চিৎকার এবং দেয়ালে প্রচণ্ড আঘাতের শব্দ শুনতে পান। সেই রাতেই আমিনান রহমান তাঁর স্ত্রীর পরকীয়া প্রেমিক শাহিন মিয়াকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন। ওল্ড বেইলি আদালতে সাক্ষ্য দিতে আরব আমিরাত থেকে লন্ডনে আসেন শাহিন মিয়া। এক মাসব্যাপী চলে বিচার কাজ। আদালতের জুরিদেরকে শাহিন মিয়া কাঁদতে কাঁদতে বলেন, তিনি কীভাবে সুমা বেগমের আর্তনাদ শুনতে পাচ্ছিলেন। তিনি বলেন, সুমা বেগম দৌড়ে পালাতে চেয়েছিলেন কিন্তু আমিনান রহমান তাঁর গলা চেপে ধরেন। শাহিন মিয়া আদালতে আরও বলেন, শাহিন মিয়াকে আবারও টেলিফোন করে আমিনান রহমান বলেন, দেখ আমি তাঁকে মেরে ফেলেছি এখন তুই প্রস্তুত হ।
আদালতে আত্মপক্ষ সমর্থন করে আমিনান রহমান বলেন, সুমা বেগম তাঁর প্রেমিককে ইংল্যান্ডে আনার জন্য তাঁর কাছে অর্থ দাবি করেছিল। তিনি অভিযোগ করেন, ১০ হাজার পাউন্ড না দিলে সুমা বেগম তাদের বড় সন্তানকে আঘাত করবেন বলে হুমকি দিয়েছিলেন। আদালতে আমিনান বলেন, সন্তানকে রক্ষা করার জন্য স্ত্রী সুমা বেগমের ঘাড় তিনি দুই হাতে পেঁচিয়ে ধরেন। তখন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান সুমা। তখন তিনি আতংকিত হয়ে সুমা বেগমের দেহ সুটকেসে ভরে ফেলেন। কিন্তু আত্মপক্ষ সমর্থন করলেও শেষ পর্যন্ত আমিনান রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ৩১ জুলাই আদালত আমিনান রহমানের শাস্তি ঘোষণা করবেন।















