যুক্তরাজ্যে অ্যাসিড হামলা করলে যাবজ্জীবন সাজা

1810

ওয়ানবাংলানিউজ: অ্যাসিড হামলা ঠেকাতে এ অপরাধের সাজা বৃদ্ধি করেছে যুক্তরাজ্য। অবৈধভাবে অ্যাসিড বহন করলে চার বছরের কারাদণ্ড আর কারও ওপর অ্যাসিড নিক্ষেপ করলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা দেওয়া হবে।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) অ্যাসিড হামলার বিচারসংক্রান্ত আলাদা নীতিমালা ঘোষণা করে এমন নির্দেশনা দিয়েছে। গত শুক্রবার এই নীতিমালা ঘোষণা করা হয়। হামলায় ব্যবহৃত অ্যাসিড-জাতীয় সব দাহ্য রাসায়নিকের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যে একের পর এক অ্যাসিড হামলার ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন তরফে এই হামলা ঠেকাতে সাজার কঠোর বিধান আনার দাবি উঠে। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড অ্যাসিড হামলার ঘটনায় কঠোর শাস্তির নিশ্চিত করার পক্ষে মত দেন। যার পরিপ্রেক্ষিতে সিপিএস সাজা বৃদ্ধির এই নির্দেশনা জারি করল।

যুক্তরাজ্যে এত দিন অ্যাসিড হামলাকে আলাদা করে বিবেচনা করা হতো না। অন্য সব সাধারণ সংঘাতের মতোই এটি বিবেচ্য ছিল। সাজা নিয়ে নতুন নির্দেশনার পাশাপাশি অ্যাসিড হামলার সাম্প্রতিক প্রবণতা নিয়ে একটি পর্যবেক্ষণও তুলে ধরে সিপিএস।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গত জুলাই পর্যন্ত এক বছরে কেবল লন্ডনে ৪৫৫টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে, যাদের প্রায় এক-তৃতীয়াংশ এশিয়ান। এসব ঘটনায় ভুক্তভোগীদের ৮০ শতাংশ পুরুষ। আবার হামলাকারীদের ৮২ শতাংশ পুরুষ। ঘৃণা, বর্ণবাদ, ছিনতাই ও প্রতিশোধমূলক কাজে সহজলভ্য উপায় হিসেবে অ্যাসিড হামলাকে বেছে নেওয়া হচ্ছে বলে মনে করে পুলিশ।
সূত্র:প্রথম আলো