সাইফ হাসান: ইংল্যান্ডের স্কুলগুলোতে অফস্টেডের নতুন পরিদর্শন পদ্ধতির কারণে চরম মানসিক চাপে পড়েছেন প্রধান শিক্ষকরা। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্সের এক জরিপে দেখা গেছে, পরিদর্শনের তিক্ত অভিজ্ঞতার কারণে ৫২ শতাংশ প্রধান শিক্ষক সময়ের আগেই চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। ২০২৩ সালের জানুয়ারিতে প্রধান শিক্ষিকা রুথ পেরির আত্ম*হত্যার পর কাজের চাপ কমাতে এক বছর আগে নতুন এই নিয়ম চালু করা হয়েছিল। কিন্তু জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ শিক্ষকই বলছেন, নতুন এই ব্যবস্থা আগের চেয়ে আরও বেশি কঠিন ও অসহনীয় হয়ে উঠেছে।
জুন থেকে অক্টোবর মাসের মধ্যে ২৪২ জন স্কুল প্রধানের ওপর চালানো এই জরিপে দেখা গেছে, পরিদর্শকরা স্কুলে থাকাকালীন ৮৬ শতাংশ শিক্ষকই মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। ১৫ বছর ধরে তিনটি স্কুলে দায়িত্ব পালন করা এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এমন পরিদর্শনের ধকল তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে আর নেওয়া সম্ভব নয়। অন্য এক স্কুলের ডেপুটি হেড জানান, ২০ বছরের ক্যারিয়ারে এত কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি আগে কখনো হননি এবং এই আতঙ্কে তিনি ভবিষ্যতে প্রধান শিক্ষক হওয়ার স্বপ্নই বাদ দিয়েছেন।
এমনকি একটি মাধ্যমিক স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, পরিদর্শনের প্রস্তুতির কারণে তিনি মাসের পর মাস নিজের সন্তানদের সাথেও ঠিকমতো দেখা করতে পারেননি এবং পরবর্তী পরিদর্শনের আগেই তিনি চাকরি ছেড়ে দেবেন। এনএএইচটির সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান এই পরিস্থিতিকে অফস্টেডের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেছেন, জবাবদিহিহীন এই সংস্থার কারণে অভিজ্ঞ শিক্ষকরা আজ পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল অফস্টেডে আরও পরিবর্তনের ইঙ্গিত দিলেও শিক্ষক নেতারা বলছেন, শিক্ষকদের মতামতকে গুরুত্ব না দিয়ে কেবল লোকদেখানো পরিবর্তন কোনো কাজে আসবে না।
এদিকে শিক্ষক ইউনিয়নগুলো ইতিমধ্যে অফস্টেডের ওপর অনাস্থা প্রকাশ করেছে এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমাধান না হলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে। তবে অফস্টেডের একজন মুখপাত্র জানিয়েছেন, গত এক বছরে অনেক স্কুল প্রধানই এই পরিদর্শনকে গঠনমূলক বলে মনে করেছেন, যদিও কাজের চাপের বিষয়টি তাঁরা স্বীকার করেছেন। শিক্ষা বিভাগের পক্ষ থেকেও জানানো হয়েছে, শিক্ষার্থীদের স্বার্থ বজায় রেখে শিক্ষকদের ওপর থেকে অতিরিক্ত চাপ কমাতে তাঁরা অফস্টেড এবং স্কুল প্রধানদের সাথে মিলে কাজ করছেন।
#ইংল্যান্ডসংবাদ #স্কুলশিক্ষক #অফস্টেড #যুক্তরাজ্যশিক্ষা #aknews #onebanglanews















