ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধপত্র বিতরণ

619

বিশ্বনাথ সংবাদদাতা: ব্রিটিশ রেজিস্ট্রার্ড চ্যারিটি সংস্থা ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিশ্বনাথের রামসুন্দর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটস্থ ডাঃ মাহবুব আলী জহিরের চেম্বারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ওয়ান পাউন্ড হসপিটাল ইউ,কের চেয়ারপার্সন এন্ড সিইও ডা: কবি শাহনুর আলী মামুনের সভাপতিত্বে ও বিশ্বনাথের চীফ কো-অর্ডিনেটর রোটারিয়ান কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউ,কের ভাইস চেয়ারম্যান, আর্ক রিয়েল এস্টেট (প্রাঃ) লিঃ এর চেয়ারম্যান মির্জা আসহাব বেগ।

বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারাটাই জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। ওয়ান পাউন্ড হসপিটাল নামে আমাদের সিলেটে বিশ্বমানের একটি হসপিটাল প্রতিষ্ঠা হলে অসহায় গরিব এবং সুবিধাবঞ্চিত রোগীরা উপকৃত হবেন। এজন্য বিত্তবানদের বিশেষকরে প্রবাসীদের সহযোগিতা প্রয়োজন। এতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি যুক্তরাজ্যে ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেও সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সিলেটে বিশ্বমানের একটি হসপিটাল প্রতিষ্ঠার স্বপ্ন প্রবাসীদের সহযোগিতায়ই পুরণ হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠান উদ্বোধন করেন মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক ডাঃ এম মাহবুব আলী জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ উস্তার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি ও বিশ্বনাথের কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু, লাইফ এইড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শেখ মোঃ সালামত আলী, ব্যবসায়ী ও সমাজসেবী কাওছার আহমদ।

সভাপতির বক্তব্যে ডা: কবি শাহনুর আলী মামুন বলেন, আমাদের সিলেটে বিশ্বমানের একটি হসপিটাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছি অনেকদিন থেকে। এই স্বপ্ন বাস্তবায়নে দেশী বিদেশী সকল মহলের আন্তরিক সহযোগিতা পেয়ে আমরা অভিভুত। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ও সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি আমরা। বিশ্বমানের এই হসপিটাল হলে গরীব অসহায় রোগীরা বিশ্বমানের সেবা পাবেন সম্পুর্ণ বিনা খরছে। তাই এই স্বপ্ন হবে মুলত গরিব অসহায় রোগীদের সেবা প্রদানের স্বপ্ন। তিনি যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরতো সকল প্রবাসীকে ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ উস্তার মিয়া বলেন, ওয়ান পাউন্ড হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে আমরা অনুপ্রাণিত। এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। ওয়ান পাউন্ড হসপিটালের অগ্রযাত্রায় তথা মানবতার কল্যাণে সকলের এগিয়ে আসা প্রয়োজন। তিনি ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম পরিচালনার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করে বলেন এতে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন মাওলানা শহিদুর রহমান।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক গরীব অসহায় রোগীর ফ্রি চিকিৎসাসেবা ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।