ব্রিটেনে মেনিনজাইটিসের টিকা নেননি ৭০ শতাংশ তরুণ

2

সাইফ হাসান: যুক্তরাজ্যে প্রাণঘাতী মেনিনজাইটিস বি প্রতিরোধে বিশেষ টিকা নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানিয়েছে, যোগ্য ১৮ ও ১৯ বছর বয়সী তরুণদের মধ্যে মাত্র ২৮ দশমিক ২ শতাংশ প্রথম ডোজের টিকা নিয়েছেন। চলতি বছরের শুরুতে কেন্ট, ডরসেট ও বার্কশায়ারে এই রোগের প্রাদুর্ভাবে তিনজনের মৃ*ত্যু হওয়ায় সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি চালু করেছিল। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রথম ডোজের টিকা নেওয়ার সময়সীমা শেষ হতে যাচ্ছে। ছুটির মৌসুম শুরু হওয়ার আগেই তরুণদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ইউকেএইচএসএর পরামর্শক মহামারী বিশেষজ্ঞ ড. শামেজ লাধানি সতর্ক করে বলেছেন, বড়দিনের ছুটির আনন্দে তরুণরা যেন টিকা নেওয়ার কথা ভুলে না যান। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ডও টিকা গ্রহণের হার এত কম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রতিরোধযোগ্য এই রোগে কোনো তরুণের মৃত্যু হলে তা অত্যন্ত দুঃখজনক হবে।

সরকারি তথ্যমতে, ২০০৭ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০০৮ সালের ৩১ আগস্টের মধ্যে জন্মগ্রহণকারী তরুণরা এই বিনামূল্যের টিকা পাওয়ার যোগ্য। এছাড়া ২৫ বছরের কম বয়সী যেসব শিক্ষার্থী এ বছর প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় বা আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, তারাও এই কর্মসূচির আওতায় রয়েছেন। পরিসংখ্যান বলছে, সাধারণ তরুণদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় সাত গুণ বেশি।

রোগটি থেকে পূর্ণ সুরক্ষা পেতে কমপক্ষে ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ নেওয়া জরুরি, যার দ্বিতীয় ডোজ ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নেওয়া যাবে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ড. এলিজা গিল জানান, ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি থাকে। তাই সংক্রমণের ভরা মৌসুম শুরুর আগেই তরুণদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা অত্যন্ত প্রয়োজন।

এদিকে ন্যাশনাল ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হেনরি গ্রেগ আবাসিক হলগুলোতে এই টিকাদান প্রচারণা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাইকেল হেড মনে করেন, ১ জানুয়ারির পরও ঝুঁকি থেকে যাওয়ায় টিকা নেওয়ার সময়সীমা বাড়ানো এবং কিশোরদের জন্য এটি নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত।

#যুক্তরাজ্য #মেনিনজাইটিস #স্বাস্থ্যসুরক্ষা #টিকাদান #aknews #onebanglanews