সাইফ হাসান: যুক্তরাজ্যে অবস্থানরত সাংবাদিকদের ওপর হা*মলা ও হ*ত্যার ষড়যন্ত্রের দায়ে ইরানি বংশোদ্ভূত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দ এবং ৪৬ বছর বয়সী ফরহাদ জাভাদি মানেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাড়াটে হিসেবে নিয়োগ পেয়ে তারা ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। ২০২৪ সালের আগস্ট থেকে গত বছরের মার্চ পর্যন্ত তারা লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের সাংবাদিকদের ওপর গোপনে নজরদারি চালান। আগামী ১৭ ডিসেম্বর ওল্ড বেইলি আদালতে তাদের সাজা ঘোষণা করা হবে।
উলউইচ ক্রাউন কোর্টের শুনানিতে জানা যায়, অভিযুক্তরা লন্ডনভিত্তিক ফার্সি ভাষার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দুই সাংবাদিক মোজতবা পুরমোহসেন ও কামবিজ হোসেইনি এবং আইনজীবী জোনাথন টার্নারকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। তারা ভুক্তভোগীদের ঠিকানায় গিয়ে ছবি ও ভিডিও সংগ্রহ করেন এবং তথ্য খুঁজতে চ্যাটজিপিটি ব্যবহার করেন।
আদালতে জানানো হয়, সাংবাদিক মোজতবা পুরমোহসেনকে হত্যা করার বিনিময়ে দেড় লাখ পাউন্ড পাওয়ার আশা করেছিলেন সেপাহভান্দ। হোয়াটসঅ্যাপে আমিন নামের এক ইরানি কমান্ডারকে পাঠানো ভয়েস নোটে সেপাহভান্দ বলেছিলেন, লক্ষ্যবস্তু ভেতরে থাকলে এবং দেড় লাখ পাউন্ড দেওয়া হলে তিনি কাজটি শেষ করে দেবেন।
প্রাণনাশের হুমকির মুখে ৫১ বছর বয়সী ব্যঙ্গাত্মক শিল্পী কামবিজ হোসেইনি নিজের বাড়ি ও পেশা ছাড়তে বাধ্য হন। তার গাড়ির ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছিল যে পরের বার ইঞ্জিন চালু করলেই গাড়িটি বিস্ফোরিত হবে। এমনকি ইরানে থাকা তার পরিবারকেও হুমকির মুখে দেশ ছাড়তে হয়েছে।
২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে লরি ও ছোট নৌকায় চড়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এই দুই ব্যক্তি। বিচারে শাপুর নুরি নামের ৫৭ বছর বয়সী আরেক অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন। বিচারক চিমা-গ্রাব আগামী ১৭ ডিসেম্বর সাজা ঘোষণার আগ পর্যন্ত সেপাহভান্দ ও মানেশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
#যুক্তরাজ্য #ইরান #সাংবাদিকনিরাপত্তা #ব্রিটিশআদালত #aknews #onebanglanews















