মোকাব্বিরকে তাড়িয়ে দিলেন ড. কামাল

561

ঢাকা সংবাদদাতা: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান। শপথ নেয়ার দুইদিন পর দলের সভাপতি কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এ সময় তাকে ‘গেট আউট’ বলে অফিস থেকে বের করে দেন ড. কামাল হেসেন। বৃহস্পতিবার বিকালে মতিঝিলে ড. কামালের চেম্বারে এ ঘটনা ঘটে। গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক এই তথ্য নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

পথিক বলেন , মোকাব্বির খান সাহেব এসে স্যারকে (কামাল) সালাম দিতেই স্যার চরম রাগান্বিত হয়ে বলেন- আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বার আপনার জন্য চিরতরে বন্ধ। এই বিষয়ে মোকাব্বির খানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সোমবার দুপুর ১২টায় স্পিকার ড. শিরীন শারমিনের কাছে শপথ বাক্যপাঠ করেন গণফোরামের এ নেতা।

তবে মোকাব্বির খানের দাবি- গণফোরামের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন।