জিএম কাদেরকে আবার কো-চেয়ারম্যান বানালেন এরশাদ

395

ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো, যা আজ থেকেই কার্যকর হবে।

এর আগে গত ২২ মার্চ রাতে এরশাদ স্বাক্ষরিত জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পার্টি পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় জিএম কাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

তার আগে গত ১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ ঘোষণা দেন, ‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আমি দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের জানাতে চাই, আমার অবর্তমানের পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের পার্টি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন।’