ঢাকা সংবাদদাতা: কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
আজ রোববার চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ড. মো. বশির উল্লাহ।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল এনটিভি অনলাইনকে বলেন, ‘বেগম জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। আজ চেম্বারকোর্ট স্থগিত করে আপিল বিভাগ শুনানির জন্য দিন ধার্য করেছেন।’
খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, ‘এই ঘটনায় খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। কেননা তিনি ঘটনার সময় ঢাকায় নিজ বাসায় অবরুদ্ধ ছিলেন। এ মামলায় বাদীপক্ষ থেকে এখনো কোনো সাক্ষী উপস্থাপন করা হয়নি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার মধ্য দিয়ে কারাগারে রয়েছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী এবং নারী হিসেবে তিনি জামিন পাওয়ার যোগ্য। জামিন পেলে তিনি দেশে থাকবেন। তাই খালেদা জিয়ার জামিন দেওয়া হোক।’
অপরদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মামলায় প্রধান আসামি বেগম খালেদা জিয়া। বাসে জীবন্ত মানুষকে বোমা মেরে হত্যার নির্দেশ দিয়ে তিনি জঘন্য অপরাধ করেছেন। এত মানুষকে বিনা অপরাধে হত্যার ঘটনায় তাকে জামিন দেওয়া ঠিক হবে না। ’
শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে ৭ এপ্রিল আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ১৯ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।
গত ৬ মার্চ এই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির ডাকা অবরোধ চলাকালে দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সে সময় বাসের কয়েক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচতে পারলেও দগ্ধ হন অন্তত ২০ যাত্রী। এদের মধ্যে আটজন নিহত হন।
এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ এবং মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ ৭৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের মার্চে অভিযোগপত্র দেয় পুলিশ।
এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।















