আবদুল হামিদকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ

705

ঢাকা সংবাদদাতা: মোঃ আবদুল হামিদকে দেশের ২১তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আবদুল হামিদ।

বুধবার বিকেলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সই করা গেজেটটি প্রকাশ করা হয়।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। পরে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে মোঃ আবদুল হামিদের নাম ঘোষণা দেন।

সিইসি বলেন, প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হওয়ায় নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করছে।
কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, আবদুল হামিদ প্রথমবার ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার কারণে রাষ্ট্রপতির পদশূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের ৯০-৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ২৩ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবেই রাষ্ট্রপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র পরীক্ষা ও যাচাই-বাচাই ছিল ৭ ফেব্রুয়ারি। কিন্তু কমিশনে মোঃ আবদুল হামিদ ছাড়া কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেননি।

৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তার সঙ্গে সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেমন উপস্থিত ছিলেন।

গেলো শুক্রবার আবদুল হামিদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল।

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে প্রার্থী চূড়ান্ত করা হয়। গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী মোঃ তৈয়ব উদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন।