টাওয়ার হ্যামলেটস পুলিশের বারা কমাণ্ডার স্যু উইলিয়ামসের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশ প্রতিনিধিদল ইস্ট লন্ডন মসজিদ এণ্ড লন্ডন মুসলিম সেন্টার পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলে টাওয়ার হ্যামলেটস পুলিশের বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মকর্তারা ছিলেন।
১৭ ডিসেম্বর সোমবার বিকেলে প্রতিনিধিদল এলএমসিতে এসে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানিয়ে মারিয়াম সেন্টারস্থ নন-মুসলিম ভিজিটিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে ভিজিটিং সেন্টার সংলগ্ন কনফারেন্স রুমে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ইস্ট লন্ডন মসজিদের ডাইরেক্টর দেলওয়ার খান প্রজেক্টারের মাধ্যমে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন। এ সময় মারিয়াম সেন্টারের ম্যানেজার সুফিয়া আলমও উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টার সৌহার্দ্যপুর্ণ মতবিনিময়ে পুলিশ কর্মকর্তারা মসজিদ বিষয়ে অনেক কিছু জানতে পারেন। তাঁরা মসজিদের বহুমুখী কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করেন। বারা কমাণ্ডার স্যু উইলিয়ামস বলেন, ইস্ট লন্ডন মসজিদ কমিউনিটির মানুষের একটি মিলন কেন্দ্রে পরিণত হয়েছে।
কমিউনিটির সেবায় গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। টাওয়ার হ্যামলেটস পুলিশ ইস্ট মসজিদের সাথে মিলে মিশে কমিউনিটির বিভিন্ন ইস্যুতে কাজ করতে চায়। আলোচনায় মাদকের অবাধ ব্যবহার ও ব্যবসার বিষয়টি গুরুত্ব পায়।
দেলওয়ার খান জানান, ইস্ট লন্ডন মসজিদের আশপাশের বিভিন্ন রাস্তায় অবাধে মাদক বিকিকিনির অভিযোগ পাওয়া যায়। তিনি মাদক প্রতিরোধে পুলিশের সক্রিয় ভুমিকা কামনা করেন। জবাবে বারা কমাণ্ডার বলেন, মাদক প্রতিরোধে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। গত কয়েক মাসে অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অনেকের দীর্ঘ মেয়াদী সাজা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। মসজিদের আশপাশ এলাকায় পুলিশী তৎপরতা আরো জোরদার করা হবে। মতবিনিময় শুরু হওয়ার পুর্বে মাগরিবের জামাত শুরু হলে পুলিশ কর্মকর্তারা ভিজিটিং সেন্টার থেকে মসজিদে জামাতে নামাজ পড়ার দৃশ্য অবলোকন করেন।















