সাইফ হাসান: কর ফেরতের লোভ দেখিয়ে ভুয়া ইমেইলের মাধ্যমে প্র*তারণার ঘটনা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লাখ লাখ করদাতাকে জরুরি সতর্কবার্তা দিয়েছে এইচএমআরসি। গত ১২ মাসে সেলফ অ্যাসেসমেন্ট সংক্রান্ত এক হাজার ৭০৪টি প্র*তারণার অভিযোগ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্র*তারকরা ভুয়া সরকারি ওয়েবসাইটের লিংক পাঠিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য চু*রির চেষ্টা করছে। সন্দেহজনক কোনো ইমেইল বা বার্তা পেলে তা না খুলে দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছে কর কর্তৃপক্ষ।
এইচএমআরসি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের সেলফ অ্যাসেসমেন্ট কর রিটার্ন জমা ও বকেয়া কর পরিশোধের শেষ সময় আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারি। এই সময়সীমাকে সামনে রেখে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে। গত এক বছরে পাওয়া অভিযোগগুলোর মধ্যে কেবল আগস্ট মাসেই একটি নির্দিষ্ট প্রতারণার সাথে জড়িত প্রায় ৯০০টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
প্রতারণার কৌশল হিসেবে ভুক্তভোগীদের ইমেইলে কর ফেরত পাওয়ার কথা জানিয়ে একটি অ্যাটাচমেন্ট পাঠানো হচ্ছে, যা তাদের নকল জিওভি ডট ইউকে ওয়েবসাইটে নিয়ে যায়। সেখানে পরিচয় ও পেমেন্টের তথ্য চাওয়া হয়, যা ব্যবহার করে অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেয়। অবশ্য এইচএমআরসি ইতিমধ্যে ওই ভুয়া কার্যক্রম বন্ধ করতে ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে এইচএমআরসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা লুসি পাইক জানান, প্রতারকরা সবসময় সেলফ অ্যাসেসমেন্ট করদাতাদের লক্ষ্য করে ভুয়া কর ফেরতের প্রলোভন দেখায়। কোনো পদক্ষেপ নেওয়ার আগে জিওভি ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে যোগাযোগটি আসল কি না তা যাচাই করার এবং প্রতারণার তথ্য জানানোর আহ্বান জানান তিনি।
কর কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে, তারা কখনোই ইমেইল, টেক্সট বা ফোনের মাধ্যমে কর ফেরতের খবর দেয় না কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য চায় না। এমনকি আইনি ব্যবস্থা বা গ্রেপ্তারের হুমকি দিয়ে কোনো ভয়েসমেইলও পাঠানো হয় না। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর পর্যন্ত ১২ মাসে মোট ৯৫ হাজার ৩৪০টি সন্দেহজনক প্রতারণার অভিযোগ পেয়েছে এইচএমআরসি এবং ৮ হাজার ৭১৩টি ভুয়া ওয়েবসাইট ও ২২১টি ফোন নম্বর বন্ধ করে দিয়েছে।
#যুক্তরাজ্যসংবাদ #করসতর্কতা #প্রতারণাসতর্কতা #aknews #onebanglanews















