ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনে সেন্ট পিটার্স বেঙ্গলী অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা (২০১৭- ২০১৮) ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় মিনারভা কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আলহাজ্ব আতিক মিয়ার সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাবেক কাউন্সিলার মোহাম্মদ মোস্তাকিম এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বার্ষিক কার্যবিবরনী ও আর্থিক রিপোর্ট পেশ করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বর্তমান কমিটিকে পুনরায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ। পুননির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হচ্ছে- আলহাজ্ব আতিক মিয়া চেয়ারম্যান, রানা মিয়া ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন সেক্রেটারি, আব্দুর রউফ ট্রেজারার ও মুতছির আলী এসিসট্যান্ট ট্রেজারার।
নির্বাহী সদস্যবৃন্দ হচ্ছেন সর্বজনাব শফিক উদ্দিন, লুৎফা চৌধুরী ও ময়নুল চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্যে আলহাজ্ব আতিক মিয়া সংগঠনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির আবু বকর, সদস্য আবদাল মিয়া, সমসু মিয়া, সোনা মিয়া এবং বাংলা স্কুলের শিক্ষক ব্যারিস্টার ফজলুল হক ও তজম্মুল আলী খানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতা আছে বলেই ফাণ্ডিং কাটের কঠিন সময়েও এই সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে। পূর্ব লন্ডনের মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন।
মানুষ বিভিন্ন বিষয়ে এডভাইস নিতে পারছেন, বাংলা স্কুলে ছেলেমেয়েদের পড়াতে পারছেন। তিনি আগামী দিনগুলোতে সংগঠন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে তিনি ওয়াকেফহাল রয়েছেন। সংগঠনটি এমন কিছু মৌলিক কাজ করছে যার জন্য অন্যান্য সংগঠনের চেয়ে বেশি প্রশংসা প্রাপ্তির দাবী রাখে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে যাঁরা দীর্ঘ ২৮ বছর ধরে নেতৃত্ব দিয়ে পরিচালনা করছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।















