সাইফ হাসান: নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থী রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্য ছাড়ার পক্ষে প্রতীকী ভোট দিয়েছেন ইংল্যান্ডের একটি গ্রামের বাসিন্দারা। শনিবার সাফোকের বার্নহাম গ্রামে আয়োজিত এই গণভোটে ২৫৭ জন যুক্তরাজ্য ত্যাগের পক্ষে এবং মাত্র ১৬ জন বিপক্ষে রায় দেন। ফলাফল ঘোষণার পরপরই গ্রামবাসীরা নীল জমিনের ওপর পাখির ছবিযুক্ত নতুন একটি পতাকা উত্তোলন করেন। আইনি কোনো বাধ্যবাধকতা না থাকলেও হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাতেই পিডিংটনের পর এই গ্রামটি এমন অভিনব পথে হাঁটল।
শনিবার ২১ নভেম্বর বার্নহাম ভিলেজ হলে ক্রাউন ডিপেন্ডেন্সি মর্যাদার দাবিতে এই প্রতীকী গণভোট অনুষ্ঠিত হয়। মাত্র আধা ঘণ্টারও কম সময়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়, যেখানে মোট ভোটার ছিলেন চার থেকে পাঁচশ জন এবং একটি ব্যালট বাতিল বলে গণ্য হয়। স্থানীয় আরএএফ বার্নহাম ঘাঁটিতে ৯৩১ জন আশ্রয়প্রার্থীকে আবাসনের প্রস্তাব ঘিরে এই তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।
বার্নহাম রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারওম্যান হেলেন বেক জানান, গ্রামের জনসংখ্যার অনুপাতে তাদের ন্যায্য হিস্যা অনুযায়ী সর্বোচ্চ পাঁচজন আশ্রয়প্রার্থী রাখা যেতে পারে। মাত্র ৫৮৪ জন বাসিন্দার গ্রামে একসাথে এত বিপুল সংখ্যক মানুষ রাখলে এলাকার নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ পুরোপুরি বদলে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্যারিশ কাউন্সিলের চেয়ারম্যান জন বাউয়ার অভিযোগ করেন, হোম অফিস গ্রামবাসীদের কোনো মতামত না নিয়েই তাদের উপেক্ষা করছে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা স্টেফানি ডোনাল্ডসন জানান, ঘাঁটির ঠিক বিপরীতেই তাদের বসবাস হওয়ায় ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন। তবে হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, হোটেল বন্ধ করে খরচ কমাতে এবং সারা দেশে ন্যায্য বণ্টন নিশ্চিত করতেই সাবেক সামরিক ঘাঁটি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব স্থানে ২৪ ঘণ্টা নিরাপত্তা ও সিসিটিভি থাকবে বলে আশ্বস্ত করা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
#যুক্তরাজ্যসংবাদ #অভিবাসীসংকট #সাফোক #aknews #onebanglanews















