ফের জাতীয় ঐক্যের ডাক দিলেন ফখরুল

418

ঢাকা সংবাদদাতা: বর্তমান পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে ফের জাতীয় ঐক্যের ডাক দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজ উদ্যোগে ‘শিক্ষার্থীদের ওপরে নিপীড়নের প্রতিবাদ ও সংহতি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলনসহ দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আজকে আমাদের ছেলে আমাদেরকে সেই জায়গায় আনার সুযোগ করে দিয়েছে। এখন দায়িত্বটা আমাদের সকল রাজনৈতিক দলের সেই ডাকে সাড়া দিয়ে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে সেই দায়িত্ব পালন করা’।

নাগরিক সমাজকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন, আমার নামে আজকে নতুন আরেকটা মামলা হয়েছে। তবে এখন আমরা মামলা খুব বেশী কিছু মনে করি না। আমার মামলা ৮৬ টা পার হয়ে গেছে। আমাদের বেশীরভাগ নেতাদের বিরুদ্ধে ১৪০, ১৫০ ও ২০০টি মামলা পর্যন্ত আছে। সুতরাং এটা আমাদের কাছে তেমন সমস্যা নয়। মূল সমস্যা হচ্ছে, এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, মার খাচ্ছে। তাদের জন্য কী একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে যেতে পারবো’?

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘একটি ব্যানারে লেখা ছিল, রাস্তা বন্ধ, রাষ্ট্রের মেরামতের কাজ চলছে। ছেলেরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, রাষ্ট্রের মেরামতের প্রয়োজন’।

মির্জা ফখরুল বলেন, ৭ দিন পরে প্রধানমন্ত্রী হুমকি দিতে শুরু করেছেন। গতকাল প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজে বলেছেন, অনেক হয়েছে, বাড়ি ফিরে যাও। আমি আর কোন মায়ের বুক খালি দেখতে চাই না। এর অর্থ কী? তারপরেই আক্রমণ! স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনেক সহ্য করেছি, সহ্য’র সীমা আছে। দাবি বাস্তবায়ন করেন। তা তো করবেন না। প্রতারণা করবেন। কোটা আন্দোলনে প্রতারণা করেছেন। এর আগে ৫ জানুয়ারি নির্বাচনে প্রতারণা করছেন। প্রতারণা তো আপনাদের স্বভাব।

গণস্বাস্থ্য বোর্ডের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আসিফ নজরুলের সঞ্চালনায় সংহতি সমাবেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত বক্তব্য রাখেন।