আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
রোববার রাজ্যের সানটা আনা শহরের এক শপিংমলের পার্কিংলটে ভেঙে পড়ে ছোট্ট বিমানটি। এতে বিমানের পাঁচ আরোহীর সবাই প্রাণ হারিয়েছে। তবে এ ঘটনায় মাটিতে থাকা কেউ হতাহত হয়নি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি’র বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, ক্যালিফোর্নিয়ার কনকর্ড শহর থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওয়ানা হয়েছিল দুই ইঞ্জিনের ছোট্ট বিমানটি। বিমানটি মাঝ আকাশে আসার পর পাইলট টের পান বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তিনি তখন দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতি খারাপ হওয়ায় অরেঞ্জ কাউন্টির সাউথ কোস্ট প্লাজা শপিংমলের পার্কিংলটে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন চালক। কিন্তু অবতরণের আগেই শপিংমলের পার্কিংলটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সেদেশের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
সূত্র: হিন্দুস্তান টােইমস















