২০ বছর পর একসঙ্গে

664

বিনোদন ডেস্ক: ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ জোহর। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল জুটি শাহরুখ খান ও কাজল। সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। বক্স অফিসে ঝড় তোলা এই ছবিতেই একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিলো সালমান খানকে।

এই একটি ছবিতেই একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিলো শাহরুখ খান, রানী মুখার্জি ও সালমান খানকে। এরপর আর তাদের দেখা যায়নি এক পর্দায়। এই ফাঁকে সময়ের হাত ধরে চলে গেছে ২০ বছর। দীর্ঘ ২০ বছর পরই আবার একসঙ্গে দর্শকের সামনে আসছেন বলিউডের জনপ্রিয় তিন তারকা।

তবে কোনো সিনেমায় নয়, শাহরুখ-রানী-সালমানকে একসঙ্গে দেখা যাবে ছোট পর্দায়। সালমান খানের জনপ্রিয় টেলিভিশন শো ‘দশ কা দম’-এর ফাইনা পর্বে অংশ নিয়েছেন শাহরুখ খান ও রানী মুখার্জি। এখানে তারা একসঙ্গে পারফর্মও করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এমন খবরে ভীষণ উচ্ছ্বসিত এই তিন তারকার ভক্তরা। একসঙ্গে প্রিয় তারকাদের দেখার সাধ দুই দশক পর হলেও যে পূরণ হচ্ছে, তাই তাদের জন্য অনেক।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত আছেন তার ‘জিরো’ ছবির কাজে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। মজার ব্যাপার হচ্ছে, এই ছবিরই একটি ক্যামিও চরিত্রে আছেন সালমান খান।

অন্যদিকে সালমান খান তার নতুন ছবি ‘ভারত’-এর কাজ শুরু করেছেন। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবিতে তার সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ।