ওয়ানবাংলানিউজ: প্রতি বছরের ন্যায় এবারো নিউহাম কাউন্সিলের বেকটন এলাকায় বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের বাসিন্দাদের নিয়ে গঠিত বেকটন ইসলামিক এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২৪ জুন রবিবার স্থানীয় একটি হলে। এতে বেকটন এলাকায় বসবাসরত বাংলাদেশী, স্থানীয় জনপ্রতিনিধিগন, মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দ ও শিশু কিশোররা অংশনেয়। এসময় মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ঘরে তৈরী পিঠা, সন্দেশসহ নানান পদের বাহারী ঈদ ফুড আগাত অতিথিদের মধ্যে পরিবেশন করেন।
সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি স্টেপেন টিমস, নিউহাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার নাজির আহমদ, কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার জেমন্স এসার, কাউন্সিলার জেনি বারবারা, কাউন্সিলার জয় লাগুডা এমবিই, কাউন্সিলার ডেভিড ক্রিস্টি, কাউন্সিলার টমি উইলিয়াম, নিউহাম এডাল্ট লানিং সার্ভিসের কর্মকর্তা মার্ক টাউনসেন্ট, সংগঠনের সহ সাধারণ সম্পাদক আব্দুল সেলিম শায়েখ, কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, আশিক চৌধুরী, ইলিয়াস মিয়া, মুজিবুর রহমান, ইকবাল এম হোসেন, শফিউল আলম বাবু সহ স্থানীয় বাসিন্দারা।
আলোচনা সভায় বক্তরা বেকটন ইসলামিক এসোসিয়েশনের উদ্যোগে সকল কমিউনিটির মানুষকে নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এধরনের আয়োজন অব্যাহত রাখার আহবান জানান। এছাড়া স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের কাছে বেশ কিছু দাবী তুলে ধরা হলে তা যথা সময়ে বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।















