আরও দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

358

ঢাকা সংবাদদাতা: কুমিল্লা ও নড়াইলে দায়ের করা পৃথক তিন মামলায় জামিন আাবেদনের পর মঙ্গলবার আরও দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তথ্য গোপন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন এবং ২০০১ সালে স্বাধীনতাবিরোধী আলবদর ও রাজাকারদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়ার অভিযোগে মানহানির মামলায় মঙ্গলবার হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

মঙ্গলবার (২২ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক দুই মামলায় জামিন আবেদন করা হয়। হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ রানা এ আবেদন করেন। এর আগে আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নেন। এই তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানির অভিযোগটি ২০১৬ সালের ৩ নভেম্বর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০০১ সালে জোট সরকার গঠনের পর মাধ্যমে যুদ্ধাপরাধীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের গাড়িতে পতাকা তুলে দেন খালেদা জিয়া। এতে সমগ্র জাতির মানহানি হয়েছে।

অন্যদিকে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালনের মাধ্যমে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট সাংবাদিক গাজী জহিরুল ইসলাম বাদি হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অপর মামলাটি করেন।

মামলার এজহারে বলা হয়, বিভিন্ন মাধ্যমে তার ৪টি জন্মদিন পাওয়া গেলেও ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন মর্মে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি ৪টি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবসে ঘটা করে জন্মদিন পালন করছেন।

এই মামলায় ২০১৬ সালে ১৭ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।