আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে ঐকমত্যে পৌঁছেছে চীন ও ভারত। এজন্য দেশ দুটি নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও সম্মত হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ান বেল্ট ওয়ান রোডে যুক্ত হতে ভারতকে চাপ প্রয়োগ করা হবে না। দুই দেশে ভাল বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। বলা হচ্ছে, মোদির এবারের সফরটি অন্যান্যবারের সফর থেকে সম্পূর্ণ আলাদা। শনিবার চীনের বুহান শহরে শি ও মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক বছর ধরে ডোকলাম সীমান্তে সেনা মোতায়েনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ চলছে।
সীমান্তে উত্তেজনা দূর করতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হতে পারে। এর মধ্যে সামরিক বাহিনীর মধ্যে পারস্পারিক আস্থা তৈরি হবে।
শনিবার বুহানে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেন, দুই দেশের মধ্যে চলমান বিভেদ কমাতে শান্তিপূর্ণ আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এজন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, প্রতিবেশী হিসেবে চীন ও ভারত ভাল বন্ধু হিসেবে থাকবে। কারণ এই দুই দেশ বিশ্বে বহুত্ববাদ এবং অর্থনৈতিক উন্নতির হৃদপিণ্ড।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ বলেছেন, চীন এবং ভারতের মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই। দুই দেশই যোগাযোগ বাড়াতে প্রস্তুত। এ নিয়ে কারো প্রতি কঠোর মনোভাব পোষণ করারও দরকার নেই। তিনি বলেন, ওয়ান বেল্ট ওয়ান রোডে (ওবিওআর) যুক্ত হতে ভারতের ওপর কোনো চাপ প্রয়োগ করবে না চীন।















