স্পোর্টস ডেস্ক: বেশ কিছু দিন ধরেই ক্রিকেটমহলে শোনা যাচ্ছে ১০০ বলের টুর্নামেন্টের কথা। ২০২০ সালে এই টুর্নামেন্টটি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া লিগে বাস্তবায়ন করতে চায়। তবে সেটি হতে এখনো ঢের বাকি।
এর আগেই ১০০ বলের ম্যাচ অনুষ্টিত হবে বাংলাদেশে। দেশের অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠেয় মাস্টার্স ক্রিকেট কার্নিভালের এবারের আসরে ম্যাচ হবে ১০০ বলের।
বিগত দুই আসরের ধারাবাহিকতায় এবারও দেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহনে কক্সবাজারের সমুদ্র সৈকতে ২ মে থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস্টর্স ক্রিকেট কার্নিভাল। টুর্নামেন্টের গেল দুই আসর ৬ দলের হলেও এবারেরটিতে অংশ নিচ্ছে ৫ দল। দলগুলো হলো, বেক্সিমকো ঢাকা, র’নেশন্স খুলনা মাস্টার্স, সিলেট মাস্টার্স, চিটাগং মাস্টার্স ও রাজশাহী মাস্টার্স।
মঙ্গলবার (২৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্লেয়ার্স ড্রাফটের আয়োজন করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল দুই আসরের ম্যাচগুলো ৯০ বলের হলেও এবারের আসরের প্রতিটি ম্যাচই হবে ১০০ বলে। ১৫ ওভারের খেলায় শেষ ওভারটি হবে ১০ বলের। লিগ পর্বে ৫ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে। সেরা দুই দল উন্নীত হবে ফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ মে।















