প্রেম, রোমান্স আর গ্ল্যামারের চরিত্রে রাশমিকা মান্দান্নাকে দেখে অভ্যস্ত দর্শক। কিন্তু পর্দা উঠতেই যদি দেখা যায় হাতে কাস্তে, চোখেমুখে রাগ আর সামনে একের পর এক প্রতিপক্ষ তখন চমকে ওঠারই কথা। ‘মাইসা’র টিজারে ঠিক এমনই এক রূপে হাজির হয়েছেন এই দক্ষিণি তারকা।
রাশমিকার নতুন এই অবতার ইতোমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। অ্যাকশননির্ভর ‘মাইসা’র টিজারে কখনও কাস্তে হাতে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছেন তিনি, কখনও মোটরসাইকেল চালাচ্ছেন, আবার কখনও পানির নিচেও চালাচ্ছেন তুমুল লড়াই। শুধু তাই নয়, ভয়ংকর মারামারির দৃশ্যে প্রতিপক্ষকে ঘায়েল করতেও দেখা গেছে তাকে। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে পরিচালিত সিনেমাটিতে রাশমিকাকে দেখা যাবে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। জীবনের কঠিন বাস্তবতা, প্রতিকূলতা আর নানা বাধার মধ্যেও যে নারী হার মানতে নারাজ টিজারে উঠে এসেছে সেই গল্পেরই আভাস।
টিজারের শুরুটা অবশ্য একেবারেই অন্যরকম। রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।’ মনে হয়, জীবনের কাছে পরাজিত এক নারীকে দেখা যাচ্ছে। কিন্তু কয়েক মুহূর্ত পরই বদলে যায় পুরো দৃশ্যপট। হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়ান তিনি। এরপর শুরু হয় তার লড়াই।
কাস্তে হাতে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়া, লাথিতে ভয়ংকর আঘাত, একের পর এক মারামারি টিজারের প্রায় প্রতিটি দৃশ্যেই রাশমিকার অ্যাকশন অবতার। এর মধ্যে পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে তার লড়াইয়ের দৃশ্যটি বিশেষভাবে নজর কেড়েছে। মোটরসাইকেল চালানোর দৃশ্যও রয়েছে টিজারে।
এমন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে শারীরিকভাবেও কঠোর প্রস্তুতি নিতে হয়েছে রাশমিকাকে। সিনেমাটির শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তার টেনডন ছিঁড়ে যায়। চোটটি বেশ যন্ত্রণাদায়ক হলেও কাজ থামেনি।
‘মাইসা’য় রাশমিকাকে প্রচলিত গ্ল্যামারনির্ভর নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে না। বরং টিজারে তিনি হাজির হয়েছেন মাটির কাছাকাছি থাকা, শক্তিশালী ও ভয়ডরহীন এক নারী হিসেবে। ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।
টিজার প্রকাশের পর ইউটিউবেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এক দর্শক মন্তব্য করেছেন, নারীকেন্দ্রিক সিনেমা এমনই হওয়া উচিত। আরেকজনের মন্তব্য, প্রথমবার মনে হচ্ছে কোনো নারী অভিনেত্রীকে শুধু গ্ল্যামারের জন্য নয়, অভিনয়দক্ষতার জন্যও সামনে আনা হয়েছে।
সিনেমাটিতে রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।
‘মাইসা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৭ নভেম্বর। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম পাঁচ ভাষায় প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি।
রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। গত ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন।
সূত্র: হিন্দুস্তান টাইমস













