ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ঐ দিগন্ত ছুঁয়ে দেখার প্রত্যয়ে এ যেন আরও উঁচুতে উঠলেন লিওনেল মেসি। ক্যারিয়ারে ছ’শ গোলের মাইল ফলক স্পর্শ করলেন গেল রাতে। ক্লাব ফুটবল ও দেশের হয়ে লিওনেল মেসির ৬০০ নাম্বার গোলটিও এসেছে প্রিয় মাঠ ন্যু-ক্যাম্পে। আর স্মরণীয় গোলের উদযাপনও করেছেন জয় দিয়েই।
ফুটবল মাঠে লাইভ ম্যাজিশিয়ান লিওনেল মেসি। বার্সেলোনা আর মেসি ক্লাব ফুটবল রাজ্যে অপ্রতিরোধ্য এক জুটি। নামের পাশে গোলের ডিজিট বাড়ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে।
অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে মেসির সিক্স হান্ড্রেড গোলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকার হিসেবটাও ছিল সমর্থকদের মনে। তাতে মোটেই নিরাশ করেননি বার্সা জাদুকর। ক্যাম্প ন্যু’তেই হলো গোলের ছয় নম্বর সেঞ্চুরি।
বার্সার ফুটবল যাদুকর লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ফিফা ক্লাব কাপ সবখানেই প্রিয় দলকে জায়ান্ট হিসেবেই ভারী করে রাখছেন বা রেখেছেন গত এক যুগেরও বেশি সময়।
আটবার ফাইনাল খেলে পাঁচটি শিরোপা ঘরে তুলেছে তারা। বার্সার হয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই মেসি করেছেন ৯৮ গোল।
গোল করা বা করানো, দুই জায়গাতেই মেসি সেরা, অন্যদের থেকে আলাদা। তাইতো লা-লিগার এই মৌসুমে ২৩৭১ মিনিট মাঠে দৌড়ে করেছেন ২৪ গোল আর তার বাড়ানো বলে সতীর্থরা জাল কাঁপিয়েছেন ১২ বার।
ফুটবল বিশ্বের এই গোল মেশিনকে পরিপূর্ণ তৃপ্তি পাইয়ে দিতেই আসছে বিশ্বকাপ ফুটবল। যেখানে নিজের সব কীর্তি স্বতসিদ্ধ করতে চাইবেন ওয়ার্ল্ড কাপ চুমু খেয়ে। কে-জানে হয়তো সেই অপেক্ষাতেই যেন আরও ক্ষিপ্র লিওনেল মেসি।















